পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য স্থাপিত অস্থায়ী পুনর্বাসনকেন্দ্রে ৯০টি পরিবার বসবাস করছে। চট্টগ্রাম নগরের টাইগার পাস দিগন্ত ক্লাব মাঠের এ অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রের তাঁবুতে শুক্রবার থেকে লোকজন আসতে শুরু করেছে। টানা বৃষ্টিপাতে পাহাড়ধসের আশঙ্কা বাড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পরিবারগুলোকে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। পাশের বাটালি পাহাড় ও মতিঝরনা পাহাড়ের ঝুঁকিতে থাকা লোকজনকে এখানে স্থাপিত তাঁবুতে এনে রাখা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির জানান, ৯০টি পরিবারকে তাঁরা অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রে এনে রেখেছেন। তারা বর্ষা শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকবে। পর্যায়ক্রমে আরও কয়েকটি এলাকায় তাঁবু খাটানো হবে বলে তিনি জানান।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, পরিবারগুলো মাঠে স্থাপিত তাঁবুগুলোতে ঠাঁই নিয়েছে। তাদের জন্য ২০টি পরিবেশবান্ধব চুলা ও ২০টি শৌচাগার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এ ছাড়া পানিরও ব্যবস্থা করা হয়েছে। তবে অধিক বৃষ্টিতে এ মাঠে থাকাটা ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন ঠাঁই নেওয়া বাসিন্দারা। কারণ, মাঠে পানি জমে যায়। এ জন্য প্রশাসন কয়েকটি নালা কেটে দিয়েছে। তবে বৃষ্টিতে মাঠে কাদা হয়ে যায় বলে তাঁরা জানান।এদিকে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও থেমে থেমে বৃষ্টি হয়েছে।আবহাওয়া দপ্তর জানায়, সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।