তাঁর অঙ্গীকার নারীদের এগিয়ে নেওয়ার
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে এবারই প্রথম কোনো নারী মেয়র পদে প্রার্থী হলেন। পৌরসভার ৯১ বছরের ইতিহাসে আগে চেয়ারম্যান পদে কোনো নারী প্রার্থী হননি। সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সালেহা বেগম সমাজের সব ক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন।সালেহা বেগম শহরের উকিলপাড়ার বাসিন্দা। দুই ছেলে ও দুই মেয়ের মা তিনি। তাঁর স্বামী সাবেক সাংসদ আবদুল মজিদ বর্তমানে সুনামগঞ্জের সরকারি আইনজীবী। সালেহা বেগম ২৫ বছর ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত। সালেহা বেগম বলেন, ‘একজন নারী, মা ও শিক্ষিকা হিসেবে সমাজের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি নিশ্চিত করতে চাই। নারীদের এগিয়ে নিতে কাজ করতে হবে। এই যাত্রাপথে বাধা আছে।’ জেলা জাতীয় পার্টির (জাপা) মহিলাবিষয়ক সম্পাদক সালেহা বেগম। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন (ছাতক ও দোয়ারাবাজার) থেকে সাংসদ হন। সালেহা বেগম বলেন, ‘আমি সব সময়ই রাজনীতির কাছাকাছি ছিলাম। এবার জাপার চেয়ারম্যানের নির্দেশে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছি।’ সুনামগঞ্জ পৌরসভায় এবার মেয়র পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুল ও সাংবাদিক শেরগুল আহমদ। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার ভোটার সুনীতি বর্মণ বলেন, ‘তাইন (সালেহা বেগম) বড় পদে দাঁড়াইছইন। আমরা তাইনরে ভোট দিমু। তাইনত সব সময় আমরার কথা খইবা।’ বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য বলেন, ‘তিনি একটি দল থেকে প্রার্থী হয়েছেন। তার পরও এই মফস্বল শহরের নির্বাচনে মেয়র পদে একজন নারী প্রার্থী হয়েছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং গর্বের বিষয়। সব ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা রাখতে হবে। এ জন্য নারীদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।’