
ধর্মীয় গুরুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবে মেয়েরা। সে জন্য এক সপ্তাহ আগে দুই মেয়েকে নতুন জামা কিনে দেন চাইহ্লাগ্য মারমা। পেশায় তিনি অটোরিকশাচালক। শুক্রবার সকালে নিজের অটোরিকশা চালিয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আলুটিলায় আসেন। সঙ্গে ছিল তাঁর আরও চার আত্মীয়। অটোরিকশা থেকে নামার কয়েক মুহূর্তের মধ্যেই বেপরোয়া ট্রাক কেড়ে নেয় তাঁর স্ত্রী ও দুই মেয়ের প্রাণ। দুর্ঘটনায় তাঁর আরও তিন আত্মীয় মারা গেছেন, যাঁদের একজন তাঁর আটোরিকশায় করে আলুটিলায় আসেন।
শুক্রবার সকালে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ধাতু চৈত্য বৌদ্ধবিহারের কাছে বেপরোয়া গতির পাথরবোঝাই একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে যায়। এতে ট্রাকচাপায় আটজন নিহত হন। দুর্ঘটনার সময় চালকের সহকারী (হেলপার) ট্রাকটি চালাচ্ছিলেন। আলুটিলা এলাকার ধাতু চৈত্য বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে সেদিন বিহারে হাজারো মানুষ জড়ো হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিহারের পাশে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে মেলা বসে। সেখানেও মানুষের ভিড় ছিল।
দুর্ঘটনার পর থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহত আটজনের মধ্যে ছয়জনই এই গ্রামের। গতকাল শনিবার দুপুরে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের দাহ করা হয়। স্ত্রী-সন্তানদের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হওয়ার আগে বারবার মূর্ছা যাচ্ছিলেন চাইহ্লাগ্য মারমা। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে তিনি বলেন, ‘আমার আর কেউ রইল না। আর কেউ যাতে আমার মতো নিঃস্ব না হয়।’
ট্রাকচাপায় চাইহ্লাগ্য মারমার স্ত্রী নেইম্রা মারমা, মেয়ে ববি মারমা ও টুনটুনি মারমা, শ্যালিকার মেয়ে মাথিং মারমা, তাঁর স্ত্রীর দুই খালাতো বোনের ছেলে উচিংনু মারমা ও অংক্যচিং মারমা মারা গেছে। শেষের দুজন এসএসসি পরীক্ষার্থী ছিল।
সেই বিভীষিকার বর্ণনা দিয়ে চাইহ্লাগ্য মারমা বলেন, সকাল নয়টায় তাঁরা বাড়ি থেকে বের হন। অটোরিকশায় তাঁর পরিবারের সঙ্গে আরও ছিল শ্যালিকার মেয়ে মাথিং মারমা, ছেলে চিংলাউ মারমা ও শাশুড়ি অক্রায়ো মারমা। আলুটিলায় পৌঁছার পর সবাই গাড়ি থেকে নেমে যায়। রাস্তার এক পাশে তাদের দাঁড়াতে বলেন। আর তিনি অটোরিকশাটি পার্ক করার জন্য ফাঁকা জায়গা খুঁজছিলেন। তিনি বলেন, অটোরিকশাটি রাস্তার পাশে পার্ক করে স্ত্রী আর মেয়েদের কাছে ফিরছিলেন তিনি। ঠিক তখনই দেখতে পান একটি চলন্ত ট্রাক ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে ঢুকে পড়েছে। তখনো ভাবতে পারেননি তাঁর পরিবারের সবাই ওই ভিড়ের মধ্যে রয়েছে। ট্রাকটি থেমে যাওয়ার পর অন্যদের মতো তিনিও ভিড় ঠেলে দেখতে পান রাস্তায় পড়ে আছে তাঁর স্বজনদের লাশ।
দুর্ঘটনায় নিহত এসএসসি পরিক্ষার্থী উচিংনু পরিবারের একমাত্র ছেলে। তার বাবা চলাপ্রু বলেন, কষ্ট করে ছেলেকে পড়ালেখা করাচ্ছিলেন এই আশায়, একদিন সে সংসারের হাল ধরবে। পরিবারে তখন আর অভাব থাকবে না। তার মা বিশ্বাস করতে পারছেন না ছেলে মারা গেছে।
চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক¯স্নিগ্ধা রোয়াজা বলেন, হেলপারকে দিয়ে ট্রাকটি চালানোর কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এর উপযুক্ত বিচার চায় গ্রামের মানুষ।
এদিকে মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাহের হোসেন গতকাল বাদী হয়ে ট্রাকচালক মো. পলাশ ও হেলপার মো. সুমনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, সুমন পুলিশকে বলেছেন, মাটিরাঙ্গার জালিয়াপাড়া এলাকায় আসার পর ট্রাকের চালক পলাশ নেমে যান। বাকি পথ তাঁকে চালিয়ে নিয়ে যেতে বলেন। আলুটিলায় আসার পর ঢালু রাস্তায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাক থেকে লাফ দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করলে তখনই সেটি ভিড়ের মধ্যে ঢুকে যায়।