তাঁর এক ভাষণ রাজনৈতিক আগুন নিভিয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান l প্রথম আলো
বিচারপতি হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান l প্রথম আলো

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ১৯৯৬ সালে নির্বাচনের আগে রাজনৈতিক অবস্থা ছিল বর্তমান পরিস্থিতির কাছাকাছি। তখন যে রাজনৈতিক আগুন জ্বলছিল, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তা নিভিয়ে দিয়েছিলেন।
সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় গতকাল শনিবার কামাল হোসেন এ কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) তাদের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন বিলিয়ার সম্মানীয় পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ড. কামাল হোসেন।
বিচারপতি হাবিবুর রহমানকে তরুণ প্রজন্মের আদর্শ উল্লেখ করে কামাল হোসেন বলেন, তাঁর মতো একটা জীবন দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক বিতর্ক চলছে কিন্তু তাঁর দায়িত্ব পালন নিয়ে কোনো বিতর্ক নেই। কঠিন ও ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে সংবিধানের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করার অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন।
কামাল হোসেন আরও বলেন, ‘মতবিরোধ থাকতে পারে, কিন্তু মানুষে মানুষে আস্থা কমতে পারে না। ভিন্নমত, ভিন্নচিন্তা সভ্যতার অংশ। মতবিরোধ আছে বলেই আমি কাউকে সহ্য বা পছন্দ করব না, তা হতে পারে না। হাবিবুর রহমান ভিন্নমতকে শ্রদ্ধা করতেন, ভিন্নচিন্তাকে প্রাধান্য দিতেন।’
বিচারপতি হাবিবুর রহমানকে ‘রেনেসাঁস ম্যান’ হিসেবে অভিহিত করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘তাঁর নানা গুণের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ধর্মের প্রতি গভীর বিশ্বাস, মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা, দেশের প্রতি অবিমিশ্র প্রেম। পরমতের প্রতি তাঁর মতো সহিষ্ণুতা খুব বেশি দেখিনি। এদিক থেকে তিনি অনুসরণীয় হয়ে থাকবেন।’
আইনচর্চার পাশাপাশি বিচারপতি হাবিবুর রহমানের পাণ্ডিত্যের কথা তুলে ধরে আনিসুজ্জামান বলেন, তাঁর লেখা যথাশব্দ, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ, যার যা ধর্ম, আইন শব্দকোষ প্রভৃতি শুধু শ্রমের ব্যাপার নয়, এগুলোতে তাঁর মেধা ও গভীর পাণ্ডিত্যের পরিচয় আছে। অসাধারণ সাফল্যের সঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাজ করেছিলেন। ওই সময় সেনাবাহিনী যখন অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছিল, তিনি জাতির উদ্দেশে বলেছিলেন, আর যেন দেশের মাটি রক্তাক্ত না হয়। তিনি একজীবনে জাতিকে যা দিয়েছেন, এ জন্য সব সময় তাঁকে স্মরণ করতে হবে।
মুহাম্মদ হাবিবুর রহমান প্রধান বিচারপতি থাকাকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন এ টি এম আফজাল। হাবিবুর রহমান অবসরে গেলে তিনি প্রধান বিচারপতি হন। একসঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে বিচারপতি আফজাল বলেন, ‘আমি হাবিবুর রহমানের ডান পাশে বসতাম, আর বিচারপতি মোস্তাফা কামাল (সদ্য প্রয়াত) বাঁ পাশে। দীর্ঘদেহী হাবিবুর রহমান যেখানেই হাত দিয়েছেন, সেখানেই তিনি তাঁর দৈহিক উচ্চতার মতো উচ্চতা লাভ করেছেন। বাংলা ভাষার ওপর তাঁর অসম্ভব দখল ছিল। এ জন্য ভাষাসৈনিক গাজীউল হককে বিচারপতি মোস্তাফা কামাল বলেছিলেন, “আপনি ভাষাসৈনিক হলে বিচারপতি হাবিবুর রহমান ভাষার ব্রিগেডিয়ার।”’
সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, ‘তিনি ছিলেন আমাদের সমাজের একমাত্র মুরব্বি। এখন যে কে মুরব্বি, তা বলতে পারব না।’