অধ্যাপক আনিসুজ্জামান জ্ঞানের বর্ণচ্ছটায় দেশের মানুষকে আলোকিত করেছেন। তাঁর কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে, সত্য ও ন্যায়ের পক্ষে উজ্জীবিত করে।
গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের ‘পদ্মভূষণ’ পাওয়া উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তারা এসব কথা বলেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। গত ২৫ জানুয়ারি তাঁকে শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক এই পদকে ভূষিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, তাঁকে নিয়ে বক্তারা যেসব কথা বলেছেন, এর সবটা তাঁর প্রাপ্য নয়। তিনি কেবলই সাধ্য অনুযায়ী চেষ্টা করে গেছেন, বাকি সবটাই মানুষের ভালোবাসার দান।
তিনি বলেন, ‘যতক্ষণ না আমরা মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়িত করতে পারব, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হবে না।’ নতুন প্রজন্ম সেই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘একদিকে তরুণেরা, অন্যদিকে বাংলাদেশের নারী সমাজ গড়ে তুলবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। সে বাংলাদেশের স্বপ্ন শেষ পর্যন্ত দেখব।’
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘তিনি বাংলাদেশের জনগণকে জ্ঞানের বর্ণচ্ছটায় আলোকিত করেছেন। তাঁর কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে, সত্য ও ন্যায়ের পক্ষে উজ্জীবিত করে। বাংলাদেশের রাজনীতিকদের জন্য এমন একজন মানুষের প্রয়োজন আছে।’ তিনি অধ্যাপক আনিসুজ্জামানের শতায়ু কামনা করেন।
জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান বলেন, ‘পদ্মভূষণ তাঁর জন্য তেমন বড় কোনো অর্জন নয়। তিনি নিজেই বিশ্বজ্ঞানে ভূষিত।’
অনুষ্ঠানের অধ্যাপক আনিসুজ্জামানকে ভাষাসৈনিকের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক এবং পদ্মভূষণ প্রাপ্তিতে প্রতীকী পদ্মফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। আয়োজক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামানের সহধর্মিণী সিদ্দিকা জামান। সংবর্ধনাপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোর্শেদা চৌধুরী।