
আ ক ম যাকারিয়ার আগ্রহ, জ্ঞান ও পাণ্ডিত্য তাঁকে অনন্য করে তুলেছিল। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর কাজ রয়ে গেছে। থাকবে অনাদিকাল পর্যন্ত। এ দেশের প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও তিনি প্রাতঃস্মরণীয়।
প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে তাঁকে স্মরণ করে বিশিষ্ট ব্যক্তিরা এসব কথা বলেন। বক্তারা মোহাম্মদ যাকারিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোরও আহ্বান জানান।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এই স্মরণসভার আয়োজন করে ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি। স্মরণসভার পাশাপাশি সেখানে যাকারিয়ার গ্রন্থ ও জীবননির্ভর আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘কিছু মানুষের মৃত্যু যত বয়সেই হোক, সেটি অকালমৃত্যু। ৯৮ বছর বয়সে আ ক ম যাকারিয়ার মৃত্যুও আমাদের কাছে অকালমৃত্যু। কারণ, বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে তাঁকে আমাদের আরও প্রয়োজন ছিল। তিনি যেসব গবেষণা করেছেন, তা মানবসভ্যতার কাজে লাগবে। উনি পেশাগত জীবনে আমলা হলেও, তাঁর কাছ থেকে আমরা অনেক শিখেছি; সে জন্য তিনি আমাদের শিক্ষকও।’
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, তিনি বঙ্গের মধ্যযুগের ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন। তিনি সে সময়কার শিলালিপি উদ্ধার করে তা অনুবাদ ও সম্পাদনা করে ইতিহাস তুলে ধরেছেন। তিনি ছিলেন অসম্ভব পিতৃতুল্য ও গুণী মানুষ। বাংলা একাডেমির পক্ষ থেকে তাঁর জীবনীগ্রন্থ প্রকাশের উদ্যোগ চলছে।
পিতার স্মৃতিচারণা করতে গিয়ে মাহফুজা যাকারিয়া হাসান বলেন, ‘তিনি অনেক গুণের অধিকারী একজন মানুষ ছিলেন। আমার দুঃখ আমি তাঁর যোগ্য উত্তরসূরি হতে পারিনি। তিনি কলা বিভাগের ছাত্র ছিলেন, কিন্তু আমার বিজ্ঞানের বিভিন্ন বিষয় তিনি আমাকে শেখাতেন। তিনি অনেক বিষয় সম্পর্কে জানতেন এবং অন্যকে জানাতেন।’
ছেলে মারুফ শমসের যাকারিয়া বলেন, তিনি ইতিহাসের সত্যটা তুলে ধরেছেন। তিনি সব সময় যুক্তিতে বিশ্বাসী ছিলেন, কোনো গোঁড়ামিতে বিশ্বাস করতেন না।
স্মরণসভায় আরও বক্তব্য দেন মোহাম্মদ যাকারিয়ার আরেক মেয়ে সুফিয়া যাকারিয়া, আয়োজক সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য মাওলানা নুরুদ্দিন ফতেহপুরী, স্থপতি আবু সাঈদ এম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমান, ফারসি বিভাগের শিক্ষক আহসানুল হাদী, জাতীয় জাদুঘরের কিউরেটর নীরু শামসুন্নাহার, ক্রীড়া পরিষদের সাবেক সচিব আনিসুর রহমান প্রমুখ। সূচনা বক্তব্য দেন সংগঠনের মাঠকর্মী আজহার ফরহাদ।
অনুষ্ঠানের আ ক ম যাকারিয়ার প্রথম গ্রন্থ ‘গুপিচন্দ্রের সন্ন্যাস’-এর মোড়ক উন্মোচন করা হয়। এর আগে ইশরাত জাহানের কণ্ঠে ‘আমার মুক্তির আলোয় আলোয়’ গানটির মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়।