ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
তাঁর দূরদর্শিতাই স্বাধীনতার পথ খুলে দিয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের দূরদর্শিতাই বাংলাদেশের স্বাধীনতার পথ খুলে দিয়েছিল। তাঁর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নারী ও শিশু মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল সোমবার সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছার জীবনের অনেক অজানা তথ্য উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের তৎকালীন অনেক নেতার আপত্তি সত্ত্বেও বঙ্গবন্ধুর সার্বক্ষণিক এই ছায়াসঙ্গী বেগম মুজিবই তাঁকে (বঙ্গবন্ধু) আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্যারোলে মুক্তি নিয়ে পাক সামরিক সরকারের সঙ্গে বৈঠকে বসতে নিষেধ করে বাংলার স্বাধীনতার পথ খুলে দিয়েছিলেন। আর এটাই হচ্ছে বাস্তবতা। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও আমার মা বাবাকে সহযোগিতা করতেন।’
৬৯-এর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বঙ্গবন্ধুকে কারাগারে আটকাবস্থা থেকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যায় পাক সামরিক সরকার। ছয় মাস পর্যন্ত তাঁর কোনো হদিস ছিল না, আমরা জানতেও পারিনি তিনি বেঁচে আছেন কি না। এরপরে কোর্টেই বঙ্গবন্ধুকে প্রথম দেখার সুযোগ হয়। তখন পাকিস্তান সরকার আম্মাকে ভয় দেখায়, বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি না নিলে তিনি বিধবা হবেন।’
প্রধানমন্ত্রী স্মৃতি রোমন্থন করে বলেন, ‘আম্মা সোজা বলে দিলেন, কোনো প্যারোলে মুক্তি হবে না। নিঃশর্ত মুক্তি না দিলে কোনো মুক্তি হবে না।’ তিনি বলেন, ‘আমি মায়ের সিদ্ধান্তের কথা কোর্টে যখন বঙ্গবন্ধুকে জানালাম, তখন অনেক আওয়ামী লীগ নেতাকেও দেখেছি তাঁরা বলছেন, “তুমি কেমন মেয়ে? বাবার মুক্তি চাও না?” আম্মাকে বলেছেন, “ভাবি, আপনি কিন্তু বিধবা হবেন।” মা তখন কঠিন স্বরেই বলেছেন, প্যারোলে মুক্তি নিলে মামলার আর ৩৪ জন আসামির কী হবে...বঙ্গবন্ধু প্যারোলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গণ-অভ্যুত্থানে পাকিস্তান সরকার আব্বাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়।’
নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ রেবেকা মোমেন এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম বক্তব্য দেন। মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বেগম মুজিবের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
নানা কর্মসূচিতে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। তাঁরা বলেন, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হওয়ার পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি ছিল, তিনি হলেন বঙ্গমাতা ফতিলাতুন্নেছা মুজিব। তিনি ছায়ার মতো পাশে থেকে স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
সকালে বনানী কবরস্থানে ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এরপর সেখানে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্বেচ্ছাসেবক লীগের নেতারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তৃতা করেন।
বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিল এবং শেষে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তৃতা করেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয়: বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বইটি সম্পাদনা করেছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।