তাঁর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র পদে নির্বাচন করতে সংসদ সদস্যপদ ছাড়তে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।
গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হাজি সেলিম হাসতে হাসতে বলেন, ‘হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মাননীয় স্পিকার, আপনি যদি আমার পদত্যাগপত্র গ্রহণ করতেন, তাহলে আমি এখানে থাকতাম না। ঢাকা দক্ষিণে থাকতাম।’
এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানতে চান, ‘মাননীয় সংসদ সদস্য, আপনার পদত্যাগপত্রটি কোথায়?’ সেলিমের জবাব, ‘আপনার কাছে’। স্পিকার আবার জিজ্ঞেস করেন, ‘আপনার পদত্যাগপত্রটি কোথায়?’ সেলিম বলেন, ‘আপনার কাছেই দিয়েছিলাম। ছিঁড়ে ফেলেছে।’
পদত্যাগপত্রটি কে ছিঁড়েছেন, তা জানতে পরে ফোনে যোগাযোগ করা হলে হাজি সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমি সংসদে যা বলেছি, এটুকুই। বাকিটা আর বলার দরকার মনে করছি না।’
হাজি সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। আওয়ামী লীগের সমর্থন পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু সমর্থন না পেয়ে তিনি চিকিৎসার জন্য ভারতে চলে যাচ্ছেন বলে তাঁর ফেসবুকে স্ট্যাটাস দেন।
এর মধ্যে গত রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেলিম মনোনয়নপত্র জমা দেননি। গতকাল তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। সেলিমের ঘনিষ্ঠ একজন জানান, তিনি গতকাল সোমবার সকালে বাসায় আসেন।
হাজি সেলিম ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। ঢাকা দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে সাঈদ খোকনকে।