তাঁর বাবা সরকারি প্লট পাননি কিনেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জুলাই প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘তিন মানবতাবিরোধীর সরকারি প্লটে এখন বহুতল ভবন—মন্ত্রী বললেন বাতিল, অপেক্ষায় রাজউক’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল। তিনি বলেন, ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে তাঁর বাবা মিরপুর সাংবাদিক কলোনির একটি প্লট সাংবাদিক হিসেবে বরাদ্দ পেয়েছেন। আরও বলা হয়েছিল, জামায়াতের নেতা কামারুজ্জামানের সাংবাদিক হিসেবে পাওয়া মিরপুরের সাংবাদিক প্লটটিও বাতিল হতে পারে।
তিনি বলেন, ‘আমার বাবা কোনো সরকারের আমলে কোথাও কোনো প্লট বরাদ্দ পাননি। মিরপুর সাংবাদিক কলোনির ১০৫ নম্বর প্লটটি মানবজমিন-এর সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর কাছ থেকে আমার বাবা ১৯৯৮ সালে ক্রয় করেন। অর্থাৎ, এই জমি ক্রয়সূত্রে প্রাপ্ত, সরকারি বরাদ্দ নয়।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মতিউর রহমান চৌধুরী বলেন, ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিটেডের নিয়ম অনুযায়ী, মিরপুরে বরাদ্দ করা প্লট জাতীয় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ইউনিয়নের সদস্য বা পেশাদার সাংবাদিক ছাড়া কারও কাছে বিক্রি করা যায় না। সে কারণে ১৯৯৮ সালে প্রেসক্লাবের তৎকালীন সদস্য ও সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামানের কাছে বিক্রি করেন।