তাঁর বেলায় নিয়মনীতি নেই
হুইপ আ স ম ফিরোজের ঋণ আটবার তফসিল সোনালী ব্যাংকের, ১৩ কোটি টাকা সুদ মওকুফ

জাতীয় সংসদে সরকার-দলীয় হুইপ আ স ম ফিরোজ এবার নিয়ে আটবার তাঁর পটুয়াখালী জুট মিলের ঋণটি পুনঃ তফসিল করিয়ে নিলেন। পুনঃ তফসিলের সঙ্গে সাড়ে ১৩ কোটি টাকার বেশি অর্থের সুদ মওকুফ করেছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ।
এ ক্ষেত্রে কোনো আইনকানুন ও নিয়মনীতি অনুসরণ করা হয়নি। ব্যাংক ইতিমধ্যেই কোম্পানির কাছ থেকে যে সুদ আয় মুনাফা হিসেবে দেখিয়েছে, তা-ও মওকুফ করা হয়েছে। এ ঋণ মওকুফের ফলে এখন ব্যাংক শাখার তহবিল ব্যয়ও বড় ঘাটতিতে পড়বে।
আইন হচ্ছে, ঋণ-খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রাক্কালেই আওয়ামী লীগদলীয় এই আইনপ্রণেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব সুযোগ নিলেন। এখন আগামী ডিসেম্বর থেকে শুরু করে পরের দুই বছরের মধ্যে আটটি ত্রৈমাসিক কিস্তিতে তিনি ঋণ পরিশোধ করতে পারবেন। যদিও সূত্রগুলো বলছে, অতীতের অভিজ্ঞতা বলে, নির্বাচন পার হয়ে গেলে আর কোনো কিস্তি পরিশোধ করার সম্ভাবনা তাঁরা দেখছেন না। এমনকি ঋণ পুনঃ তফসিলের অবশ্যপালনীয় বিধান ডাউনপেমেন্ট বা এককালীন জমার অর্থও আদায় নিয়ে সংশয় প্রকাশ করেছেন সোনালী ব্যাংকের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা। অতীতে চেক দিয়ে এককালীন জমা পরিশোধের সুযোগ দেওয়া হলেও সেই চেক প্রত্যাখ্যাত হয়েছে।
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৪ নভেম্বর ঋণটি পুনঃ তফসিল করে। আর ৬ নভেম্বরের বৈঠকে তা নিশ্চিত করা হয়।
যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত দাবি করেছেন, পটুয়াখালী জুট মিলের ঋণকে পুনঃ তফসিল করা হয়নি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সুদ মওকুফ দিয়ে তাঁকে ঋণটি পরিশোধ করতে বলেছি।’
তবে সোনালী ব্যাংকের কাগজপত্রে দেখা যাচ্ছে, ব্যাংকটির শীর্ষ নির্বাহীর বক্তব্য সঠিক নয়। সেখানে হুবহু যা লেখা আছে তা হলো, ‘ঋণগ্রহীতাকে সুদ মওকুফ সুবিধা অবহিতকরণের দুই বছরের মধ্যে মওকুফোত্তর আদায়যোগ্য পাওনা ২০ কোটি ৪০ লাখ ২৩ হাজার ২১৩.৫৩ টাকা এবং অন্যান্য খরচ (যদি থাকে) তা কস্ট অব ফান্ড হারে ডিসেম্বর, ২০১৩ থেকে আটটি ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।’ উল্লেখ্য, পুনঃ তফসিল হচ্ছে ঋণের টাকা কীভাবে, কোন সময়ে ব্যাংকে জমা দিতে হবে তার একটা সময়সূচি পুনর্নির্ধারণ।
যোগাযোগ করা হলে আ স ম ফিরোজ বলেন, আইন বা বিধিবিধানের মধ্যে না থাকলেও ব্যাংক-গ্রাহক সম্পর্কের মধ্য দিয়েই পটুয়াখালী জুট মিলের ঋণটি পুনঃ তফসিল করা হয়েছে। মিলটি চার বছর ধরে বন্ধ, তার পরও ব্যাংকের সুদ যোগ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন যদি বিক্রি করে টাকাটা শোধ করতে পারি, সেই চেষ্টা নিয়েছি।’
বাংলাদেশ শিল্প ব্যাংকের (বর্তমানে বিডিবিএল) অর্থায়নে ১৯৮৫ সালে পটুয়াখালী জুট মিল স্থাপিত হয়। ১৯৮৯ সালে কোম্পানি মালিকেরা ১৭০ দশমিক ৮৭ শতাংশ জমি অতিরিক্ত সহায়ক জামানত হিসেবে দিয়ে এবং শিল্প ব্যাংকের কাছে থাকা পুরো প্রকল্প, জমি, নির্মাণাদি ও যন্ত্রপাতি বন্ধক রেখে সোনালী ব্যাংক মোট এক কোটি ২০ লাখ টাকার চলতি মূলধন ঋণ দেয়। এরপর চলতি মূলধন ও মেয়াদি ঋণ বিতরণ বাড়তে থাকে। আওয়ামী লীগ আগের দফায় ক্ষমতায় থাকার সময় অর্থাৎ ১৯৯৮ সাল থেকে শুরু হয় সোনালী ব্যাংকের সুদ মওকুফ ও পুনঃ তফসিল। এর মধ্যে কয়েক দফা সরকারের নীতিমালার আলোকে সুদ মওকুফ ও সুদবিহীন ব্লক হিসাবের সুযোগও নিয়েছে পটুয়াখালী জুট মিলের মালিকপক্ষ।
সর্বশেষ ২০১০ সালের ১১ অক্টোবর ঋণটি পুনঃ তফসিল ও সুদ মওকুফ করা হয়। সে সময় সুদ মওকুফ ও পুনঃ তফসিলের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বিধি অনুসারে এককালীন জমা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের শর্ত দেয়। বিধান অনুসারে তখন এককালীন জমার পরিমাণ হিসাব করা হয়েছিল এক কোটি ২২ লাখ টাকা। কিন্তু জমা হয় মাত্র ২০ লাখ টাকা। মালিকপক্ষ তিনটি চেক দিয়েছিল এককালীন জমার। তাঁর দুটি চেক প্রত্যাখ্যাত হয়।
উল্লেখ্য, প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিন দফা কোনো ঋণ পুনঃ তফসিলের আইনগত সুযোগ আছে। আর প্রত্যেক দফা পুনঃ তফসিলের আবেদনের সঙ্গে এককালীন জমা নগদে পরিশোধের বিধান দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ দফাতেও ঋণটি পুনঃ তফসিলে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান মানা হয়নি। আইনে তিনবারের বেশি কোনো ঋণ পুনঃ তফসিলের ওপর বিধিনিষেধ রয়েছে। বিধান মেনে এককালীন জমার টাকা নগদে নেওয়া হয়নি। পর্ষদ নগদ জমার পরিমাণ নির্ধারণ করেছে সর্বসাকল্যে এক কোটি ৫০ লাখ টাকা। কিন্তু বিধান হচ্ছে, এককালীন জমা নিতে হবে ৫০ শতাংশ। সে ক্ষেত্রে নগদ জমা করার কথা চার কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা। ব্যাংকের শাখা পর্যায় থেকে পটুয়াখালী জুট মিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। শাখা জানিয়েছে, মিলটি বর্তমানে বন্ধ রয়েছে। কোম্পানিকে দেওয়া ঋণের বিপরীতে কোনো মালামাল গুদামেও নেই।
এরপর বিভাগীয় প্রস্তাবে সুদ মওকুফ, চলতি মূলধন ঋণসীমা ভোগের অনুমোদন ও ঋণ হিসাব বিশ্রেণীকরণের (খেলাপি থেকে নিয়মিত করা) সিদ্ধান্তের জন্য পরিচালনা পর্ষদে দেওয়া হয়।
২০০৭ সালে সরকারি বাণিজ্যিক নিরীক্ষায় এ ঋণের কোনো টাকা আদায় না হওয়ায় এবং নামমাত্র জামানত থাকায় একে ঝুঁকিপূর্ণ বলে অডিট আপত্তি জানানো হয়। এ নিয়ে ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ১২তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর ৯৬৮-এ আলোচনার বিষয় ছিল এ ঋণটি। বাণিজ্যিক নিরীক্ষায় ১২ কোটি টাকার মালামাল ঘাটতি থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।