তাঁর ভয়ংকর সাত দিন
‘জ্ঞান ফেরার পর দেখি, শিকল দিয়ে হাত-পা বাঁধা। চোখও বাঁধা। এই অবস্থায় অপহরণকারীরা আমাকে একটি মাটির ঘরের দোতলায় ফেলে রাখে। রাত যায়, দিন যায়। কেউ কিছু খেতে দেয় না। পানি চাইলে রড দিয়ে নির্মমভাবে পেটাত তারা। এভাবে ভয়ংকর সাতটি দিন পার হয়েছে আমার।’অপহরণের সাত দিন পর সিরাজগঞ্জ থেকে উদ্ধার হওয়া নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম ওরফে তুহিন এভাবে অপহরণকারীদের হাতে তাঁর বন্দিদশার বর্ণনা দেন। গতকাল বৃহস্পতিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দেওয়ার আগে পুলিশ সুপারের কক্ষে বসে এই বর্ণনা দেন শফিকুল ইসলাম। বর্ণনা দেওয়ার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। শফিকুল ইসলাম বলেন, ‘মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারব, সেটা কখনো ভাবতে পারিনি। কারণ, উদ্ধার হওয়ার কিছুক্ষণ আগেও অপহরণকারীদের একজন রামদা হাতে নিয়ে বুকের ওপর বসে কোপ মারতে চেয়েছিল। অনেক মিনতির পর সে বুকের ওপর থেকে নামে।’পরে আদালতে দেওয়া জবানবন্দিতে শফিকুল ইসলাম সাত দিনের বন্দিজীবনের বর্ণনা দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে শফিকুল ইসলাম বলেন, ‘একটি হারানো মোটরসাইকেলের খোঁজে ২৪ জুলাই সঙ্গী পতিরাম চন্দ্রকে সঙ্গে নিয়ে বগুড়ায় আসি। অপহরণকারী চক্রের মূল হোতা জোবাইদুল মোটরসাইকেলটির ব্যাপারে বগুড়ায় আসতে বলে। সেদিন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে ইফতার করি। সেখান থেকে জোবাইদুল শহরতলির বনানীতে ডেকে নেয়। বনানীতে ডেকে নেওয়ার পর জোবাইদুল জুস খেতে দেয়। এর কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন জ্ঞান ফিরলে দেখি হাত শিকল দিয়ে ও পা দড়ি দিয়ে বাঁধা। মুখও বাঁধা। পরনের পোশাক খুলে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর শুরু হয় নির্যাতন। এভাবে সাত দিন কেটেছে অনাহারে।’জবানবন্দিতে শফিকুল ইসলাম বলেন, ‘মাঝে এক দিন রড দিয়ে প্রচণ্ড মারপিট করার পর একজন বলেন, ‘‘বস আসছে”। এরপর সেই বস আমার কানে মুঠোফোন লাগিয়ে বলেন, “তোর ভাইকে বল, তিন কোটি টাকা দিতে, নইলে তোকে মেরে ফেলবো”। এরপর সাত-সাতটি দিন কেটেছে ভয়ংকরভাবে। শেষ দিকে সারা রাত মাঠের পর মাঠ হাঁটিয়ে নিয়েছে। কখনো গলা পানিতে নামিয়েছে। ভোর হয়ে এলে মাঠের কাছে কবরস্থানের পাশে একটা ভাঙা মাটির ঘরে বেঁধে রাখে। সেখানে এক ব্যক্তির জানাজা শেষে লোকজন দেখে চিৎকার করি। এরপর লোকজন এসে আমাকে ও পতিরামকে উদ্ধার করে। আটক করে আবদুল খালেক, আবু বক্কর সিদ্দিক, ফরিদ আলী, আসাদুল ইসলাম ও সলিম হোসেন নামের পাঁচ অপহরণকারীকে।’এদিকে গতকাল একই আদালতে অপহরণের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে ওই পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হোসেন বলেন, ‘অপহরণকারীরা শফিকুল ইসলামকে সাত দিন ধরে নির্মমভাবে নির্যাতন করেছে। তবে মুক্তিপণ আদায় আসল উদ্দেশ্য হওয়ায় অপহরণকারীরা তাঁকে মেরে ফেলেনি। র্যাব-পুলিশ তৎপর না হলে মুক্তিপণ আদায়ের পাশাপাশি অপহরণকারীরা অন্য কিছুও করে বসত।’