তাঁর শিক্ষকসত্তা কখনো হারিয়ে যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো

জিল্লুর রহমান সিদ্দিকী ক্ষমতার নানা স্তরে বিচরণ করেছেন। তিনি আট বছরের বেশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ছিলেন দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কিন্তু এতে করে তাঁর শিক্ষকসত্তা কখনো হারিয়ে যায়নি। মানুষের ভেতরের শুভবোধকে উদিত করার জন্য তিনি তাঁর যাপিত জীবনের মধ্য দিয়ে যে নৈতিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের চর্চা চালিয়ে গেছেন তাতে করে তাঁর অনুপস্থিতি সমাজে তীব্রভাবে অনুভূত হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় তাঁকে এভাবেই স্মরণ করেছেন তাঁর সহকর্মী, সুহৃদ, ছাত্র ও পরিবারের একান্ত আপনজনেরা। গতকাল বুধবার বাংলা একাডেমিতে সভাটি আয়োজন করা হয়। গত বছরের এই দিনে বনানীর নিজ বাসায় মারা যান তিনি।
আলোচনা সভার সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সাহিত্যচর্চার ক্ষেত্রে তিনি (জিল্লুর রহমান সিদ্দিকী) নিজের একটি ভাষা ও ভঙ্গি বের করেছিলেন। তিনি কবি, প্রাবন্ধিক, অনুবাদক। তাঁর কাব্য প্রতিভা সবচেয়ে স্ফূর্তি লাভ করেছিল শেক্সপিয়ারের সনেট অনুবাদে।’
সাবেক সচিব মোজাম্মেল হক জিল্লুর রহমান সিদ্দিকীকে অভিহিত করেন একজন ‘দুর্লভ ব্যক্তিত্ব’ হিসেবে। জিল্লুর রহমান সিদ্দিকীর ছেলে শাকিল আখতার বলেন, ‘গল্পের ভেতর দিয়েই বাবা আমাদের মনে বুনে দিতেন সাহস, বীরত্ব আর দেশপ্রেমের বীজ।’ তাঁর ছোট ভাই এ কিউ সিদ্দিকী সভাস্থলে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘তাঁর সম্পর্কে যত বলবেন, ততই সমাজ উপকৃত হবে। তিনি ছিলেন এ দেশ, সমাজের এক বাতিঘর।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজল বন্দ্যোপাধ্যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহমেদ রেজা, স্টেট ইউনিভার্সিটির নুরুল ইসলাম, সাংবাদিক আবুল মোমেন, গোলাম কুদ্দুস, মুহাম্মদ সামাদ প্রমুখ।