সরদার ফজলুল করিম সাধারণ মানুষকে নিজের শিক্ষক হিসেবে দেখতেন। যেকোনো সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতে পছন্দ করতেন। তাঁর শিক্ষা কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ ছিল না।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সরদার ফজলুল করিমের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সরদার ফজলুল করিমের দিনলিপি’ শীর্ষক এই সভার আয়োজন করে বাঙলার পাঠশালা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সরদার ফজলুল করিমের সঙ্গে নিজের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে পরবর্তী প্রজন্মের মধ্যে সরদার ফজলুল করিমের আদর্শ ছড়িয়ে দিতে হবে।
মূল আলোচক হিসেবে সরদার ফজলুল করিমের ডায়েরির সমন্বয়ক মার্জিয়া লিপি মূল আলোচনা করেন। তিনি ফজলুল করিমের জীবনবৃত্তান্ত ও বিভিন্ন সময়ে তাঁর অবদান সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, দিনলিপির যে অংশ এখনো প্রকাশিত হয়নি, সেটি আগামী বইমেলায় দিনলিপি বইয়ের পরবর্তী সংস্করণে তুলে ধরা হবে।
এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কে এম সাদউদ্দিন, সরদার ফজলুল করিমের মেয়ে আফসানা করিম প্রমুখ উপস্থিত ছিলেন।