রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দল-মতনির্বিশেষে জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।
গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বিএনপির নেত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রত্যাখ্যানের কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘অবশ্যই জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কিন্তু জাতীয় ঐক্য হবে কার সঙ্গে? যিনি জঙ্গি লালন করছেন, জঙ্গি পৃষ্ঠপোষকতা করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড পৃষ্ঠপোষকতা করছেন, তাঁর সঙ্গে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব?’
আওয়ামী লীগের এই নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘উনি আগে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করুক। অতীত ভুলের জন্য অনুশোচনা করুক। তাহলে ওনার সঙ্গে জনগণের ঐক্য হতে পারে। আমাদের ঐক্যও হতে পারে।’
হানিফ আরও বলেন, ‘আজকে (গতকাল) খালেদা জিয়া বেশ কিছু ভালো কথা বলেছেন। কিন্তু ওই বক্তব্য শুনে দেশবাসীর সঙ্গে আমরাও অবাক হয়েছি। কারণ, তিনি বলেছেন কোনো বিবেকবান মানুষ এ সকল হত্যাকাণ্ড ঘটাতে পারে না। তাঁর এই কথাগুলো সুন্দর ও মূল্যবান। কিন্তু এসব কথা বলছেনটা কে? যিনি এক বছর আগেও সরকারবিরোধী হরতাল-ধর্মঘটের ডাক দিয়ে পেট্রলবোমা ও আগুনসন্ত্রাসের মাধ্যমে ২২১ জন মানুষকে হত্যা করেছেন।’
খালেদা জিয়ার বক্তব্য মনের কথা নয় দাবি করে হানিফ বলেন, ‘এই কথাগুলো যদি খালেদা জিয়ার অন্তরের কথা হয়, তাহলে তিনি অতীত উপলব্ধি নিয়ে আগামীর পথচলা শুরু করবেন। অতীত কর্মকাণ্ডের ওপর অনুতপ্ত হয়ে এই কথাগুলো বলে থাকলে জাতি আশাবাদী হবে।’