তাঁর সম্পর্কে বলতে কেউই নাম প্রকাশ করতে চান না
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) বরিশালের ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করে থাকেন বলে ভয়ে কেউ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে চান না। আর মুখ খুললেও নাম প্রকাশ করতে রাজি হন না।বরিশাল ডিপো সূত্র জানায়, বরিশাল থেকে বিভিন্ন রুটে প্রতিদিন ৩৪টি গাড়ি চলাচল করে। রোটেশন পদ্ধতিতে ৫৮ জন চালক এসব গাড়িতে কাজ করেন। এর মধ্যে ১০ জন দৈনিক চুক্তিভিত্তিক এবং ৪৮ জন স্থায়ীভাবে নিয়োগ পাওয়া। তাঁদের সবাইকে ট্রিপ প্রতি একটা অর্থ দিতে হয় ডিপো ব্যবস্থাপক আবদুর রহিমকে।নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন চালক বলেন, বরিশাল-বরগুনা প্রতি ট্রিপে ৪০০ টাকা, আমুয়া ৫০০ টাকা, পাথরঘাটা, বেনাপোল, কাওরাকান্দি, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ এক হাজার টাকা, চরফ্যাশন, সুনামগঞ্জ রুটে চলাচলকারী প্রতিটি গাড়িকে প্রতি ট্রিপে দুই হাজার টাকা অতিরিক্ত ডিপো ব্যবস্থাপককে দিতে হচ্ছে। এ ছাড়া প্রতিটি গাড়ির তেল ও ট্রাফিক বাবদ প্রতিদিন অতিরিক্ত ৫০০ টাকা গুনতে হয়। এর মধ্যে ৪০০ টাকা ডিপো ম্যানেজার এবং ৫০ টাকা ফোরম্যান নূরুল ইসলাম ও ৫০ টাকা অনুগত কর্মচারী মো. ফরহাদ পায়। বাড়তি এ অর্থ দেওয়ার জন্য চালকেরা ৯০ লিটার তেল প্রয়োজন হলেও বাধ্য হয়ে অতিরিক্ত ১০ লিটার লিখিয়ে নেন।ডিপো ব্যবস্থাপক তাঁর অবৈধ কাজে যাতে কেউ বাধা দিতে সাহস না পায়, সে জন্য বরিশাল নথুল্লাবাদ এলাকার ক্যাডারকে দৈনিক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রেখেছেন। ওই ক্যাডার তার সহযোগীদের নিয়ে বেনাপোল ও মুন্সিগঞ্জের গাড়ি ব্যবহার করে মাদকদ্রব্য আমদানি করে থাকে বলেও অভিযোগ রয়েছে।মুন্সিগঞ্জে চলাচলকারী বাসচালক এস এম আজিম বলেন, ‘তার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। আমি প্রতি ট্রিপে সব মিলে তিন হাজার টাকা দিতাম। এ ব্যাপারে প্রতিবাদ করলে আমাকে বদলি করে দেয়। আমার মতো অনেককেই মুখ বুজে তার নির্যাতন সহ্য করতে হচ্ছে।’নাম প্রকাশ না করার শর্তে একজন চালক বলেন, কাওরাকান্দি বরিশাল রুটে প্রতিদিন একটি গাড়ি থেকে ২০-২৫ হাজার টাকা আয় হলেও মাত্র ১৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করে বাকি টাকা ডিপো ব্যবস্থাপক আত্মসাৎ করেন।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিপো ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, ‘আপনে যা বললেন তাতে তো মনে হয়, সবই আত্মসাৎ করে ফেলেছি। অসাধু কর্মচারীরা আমার সম্পর্কে এসব অভিযোগ করেছে। কাউকে অন্যায়ভাবে বদলি করা হয়নি। দৈনিক মজুরিভিত্তিক একজন সম্পর্কে সমস্যা রয়েছে। তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর কাওরাকান্দি রুটে যত টাকা আপনি বললেন, অত টাকা আয় হয় না।’