তাঁর 'দাপটে' অসহায় জনপ্রতিনিধিরা!
তিনি সরকারি কর্মচারী নন। তবে সরকারি অফিসে বসে কাজ করেন। তাঁর ‘দাপটে’ ‘অসহায়’ পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত জনপ্রতিনিধিরা।
ওই ব্যক্তির নাম মো. ফিরোজ। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবদুস সাত্তারের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।
গত বুধবার দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, মো. ফিরোজ অফিস সহকারীর চেয়ারে বসে কাজ করছেন। তাঁর সামনে অপর একটি চেয়ারে বসে কাজ করছেন কার্য সহকারী শেখ সাজেদা জামান।
পরিচয় জানতে চাইলে মো. ফিরোজ প্রথমে নিজেকে অফিস সহকারী পরিচয় দেন। পরে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বলেন, ‘আমি পিআইও সাহেবের ব্যক্তিগত সহকারী।’ বেতন কত পান জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি (পিআইও) যা দেন তাই নিই।’ এর কিছুক্ষণ পর খোঁজ করে মো. ফিরোজকে পাওয়া যায়নি।
পরদিন কার্যালয়ে গিয়ে পিআইও মো. আবদুস সাত্তার ও ফিরোজ কাউকেই পাওয়া যায়নি।
পিআইও মো. আবদুস সাত্তার বলেন, ‘আমি অসুস্থ। ভালোভাবে কাজ করতে পারি না। অনেক কিছু মনেও রাখতে পারি না। তাই ফিরোজকে ব্যক্তিগত সহকারী হিসেবে রেখেছি।’
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা বলেন, ‘ফিরোজ সব সময় কর্তৃত্বের সুরে কথা বলেন। ওয়ার্ড সদস্যদের গালি পর্যন্ত দেন। প্রথমে মনে করেছিলাম তিনি সরকারি নিয়োগপ্রাপ্ত। পরে জেনেছি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যক্তিগত সহকারী তিনি।’ তিনি বলেন, ফিরোজের দাপটে অসহায় পাঁচটি ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।
ওয়াগ্গা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আফাই মারমা ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহাবুব আলম বলেন, ফিরোজ বিভিন্ন প্রকল্পের কাজ তদারক করেন।
এসব অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চেষ্টা করেও মো. ফিরোজকে পাওয়া যায়নি।
অন্যদিকে পিআইও মো. আবদুস সাত্তার ফিরোজের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ফিরোজ নিজে কিছু করতে পারেন না। তিনি যা বলেন, ফিরোজ তা করেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, ‘পিআইওর ব্যক্তিগত সহকারী রাখার এখতিয়ার নেই। সরকারি কর্মকর্তাদের এ ধরনের কাজ করা ঠিক নয়। আমি বলে দেব ফিরোজ যেন আর কাজ না করে।’