তাঁর 'রাজকীয়' বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের সদ্য সাবেক জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ l ছবি: সংগৃহীত
ময়মনসিংহের সদ্য সাবেক জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ l ছবি: সংগৃহীত

মাথায় মুকুট। পরনে আসকান। ভারী নকশা করা চেয়ার। যেন সিংহাসনে আসীন রাজা।
প্রথম দর্শনে ভড়কে যাওয়ারই কথা। হঠাৎ রাজা-বাদশা এল কোত্থেকে? কিন্তু আদতে তা নয়। তিনি ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
বদলিজনিত কারণে চলতি মাসের ১৮ তারিখে ময়মনসিংহ থেকে বিদায় নিয়েছেন মুস্তাকীম বিল্লাহ। তাঁর বদলি নিশ্চিত হওয়ার পরই সরকারি-বেসরকারিভাবে ৩৫টি সংবর্ধনা দেওয়া হয়। কোনোটিতে তিনি একা, কোনোটিতে সপরিবার হাজির হন। এসব সংবর্ধনায় অন্যান্য উপহারের পাশাপাশি সোনার কোটপিন ও রাজার পোশাকও দেওয়া হয় তাঁকে।
জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যোগদানের পর তিন বছর পাঁচ মাস ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন মুস্তাকীম বিল্লাহ। গত জুলাইয়ের শেষ দিকে তাঁর বদলির আদেশ আসে। এরপর আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে তাঁর বিদায় সংবর্ধনা। জেলার ১৩ উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এসব সংবর্ধনা দেওয়া হয়।
এর মধ্যে ৫ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনায় মুস্তাকীম বিল্লাহকে একটি সোনার কোটপিন দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র আবদুস সাত্তার ওই সোনার কোটপিন জেলা প্রশাসককে পরিয়ে দেন। কোটপিনটি তৈরিতে প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে বলে একটি সূত্র জানায়।

তবে আবদুস সাত্তার দাবি করেন, এটি তিনি ব্যক্তিগত খরচে করেছেন। তাঁর ভাষ্য, মুস্তাকীম বিল্লাহ একসময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেই থেকে তিনি ঈশ্বরগঞ্জের মানুষের কাছে প্রিয়ভাজন। বিদায় বেলায় তাই তাঁকে খুবই সামান্য সোনার তৈরি একটি কোটপিন উপহার দেওয়া হয়েছে।

সংবর্ধনা উপলক্ষে গফরগাঁও উপজেলায় স্কুলশিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে জেলা প্রশাসককে বরণ করার অভিযোগও রয়েছে। তবে সবচেয়ে আলোচিত ১৬ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সংবর্ধনাটি। জেলা প্রশাসক ঘোড়ার গাড়িতে চড়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে একটি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে তাঁকে রাজার পোশাক পরিয়ে মঞ্চে বসানো হয়।

ওই নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত আসাদুজ্জামান রুবেল বলেন, ‘এ নিয়ে আলোচনা বা সমালোচনার কিছু দেখি না। আমরা জেলা প্রশাসক হিসেবে মুস্তাকীম বিল্লাহকে সংবর্ধনা দিইনি। তিনি ময়মনসিংহে থাকার সময়ে আমাদের সংগঠনের সম্মানিত সদস্য হন। তাই সংগঠনের ইচ্ছায় রাজার পোশাক পরিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।’

বিদায় বেলায় ঈদের আগে ও পরে প্রায় ১৫ দিন জেলা প্রশাসক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়েই ব্যস্ত ছিলেন। এতে জেলা প্রশাসনের স্বাভাবিক কাজে ব্যাঘাত সৃষ্টির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা হিসেবে সংবর্ধনায় যোগদানের ব্যাপারে তাঁকে (জেলা প্রশাসক) আরও সচেতন হওয়া উচিত ছিল। অতি উৎসাহী মানুষের জন্য এতগুলো সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। তিনি আরও বলেন, সংবর্ধনা নিয়ে ব্যস্ত থাকার সময়ে জেলা প্রশাসক রাতে বাসায় বসে হলেও কাজ করেছেন।

যোগাযোগ করলে মুস্তাকীম বিল্লাহ গতকাল বৃহস্পতিবার বিকেলে ফোনে প্রথম আলোকে বলেন, ‘মানুষের ভালোবাসায় আমি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছি। প্রত্যেকেই তাদের নিজস্ব নিয়মে আমাকে বিদায় দিয়েছে। এতে আমার কিছু করার ছিল না।’ তিনি আরও বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেও আমার কাজের কোনো ব্যাঘাত ঘটেনি। ময়মনসিংহ থেকে  বিদায় নেওয়ার আগে আমার কোনো কাজ অসমাপ্ত ছিল না।’