তাঁরও কিনা চেয়ে চেয়ে দেখতে হলো মায়ের মৃত্যু!

করোনাকাল শুরু হতেই মানবসেবায় মাঠে নেমে পড়েন তরিকুল ইসলাম। অসহায় মানুষের বাড়িতে চিকিৎসক নিয়ে গিয়ে স্বাস্থ্যসেবার বন্দোবস্ত করে দেন। সেই তরিকুলের মা মারা গেলেন শুক্রবার। তার আগে নানাভাবে চেষ্টা করেও চিকিৎসার জন্য বাড়িতে কোনো চিকিৎসক আনতে পারেননি। মায়ের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দৃশ্য চেয়ে চেয়ে দেখে শুধুই চোখের পানি ঝরিয়েছেন।
তরিকুল ইসলাম নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই ফাউন্ডেশন বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে।
তরিকুল নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার বাসিন্দা। তাঁর মা সুফিয়া খাতুন (৮০) বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। উপসর্গটি করোনাভাইরাসের মতো হওয়ায় তিনি জেলা স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করেন। সেখানকার কর্মীরা কয়েক দিন আগে বাড়িতে এসে নমুনা নিয়ে যান। কিন্তু চার দিন পর জানানো হয়, ওই নমুনা নষ্ট হয়ে গেছে। বুধবার (২৪ জুন) পুনরায় নমুনা নেওয়া হয়। কিন্তু পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি। তাই সুফিয়াকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তি করাতে পারেননি তরিকুল।
আক্ষেপের সুরে তরিকুল বললেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর প্রায় তিন বছর গেছে। এই সময়ে তাঁরা জেলার বিভিন্ন এলাকায় বিনা মূল্যে এবং নামমাত্র মূল্যে বহু মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন। এর মধ্যে শুরু হয় করোনাভাইরাসের বিস্তার। ফাউন্ডেশন বসে থাকেনি। অসহায় মানুষকে খাদ্যসহায়তার পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চলে তাঁরা চিকিৎসক নিয়ে গেছেন। বিনা মূল্যে মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন। টেলিমেডিসিন সেবা দিয়ে আসা হচ্ছে। কিন্তু নিজের বৃদ্ধা মা পৃথিবী ছেড়ে যাওয়ার আগে চিকিৎসা পেলেন না। বিভিন্ন জায়গায় ফোন করেছিলেন, কিন্তু বাড়িতে কোনো চিকিৎসক আনতে পারেননি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো মায়ের মৃত্যু। এর চেয়ে নিদারুণ কষ্ট কী আর হতে পারে?
তরিকুলের মা সুফিয়া শুক্রবার দুপুরে নিজ বাড়িতে মারা যান। তিনি ৬ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার শালনগরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।