
দয়াগঞ্জ পার হয়ে মীরহাজীরবাগ এলাকায় ঢুকলেই রাস্তার ডান পাশে চোখে পড়বে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কাজী হাবিবুর রহমানের (হাবু) নির্বাচনী পোস্টার। সংখ্যায় কয়েক শ। মাদ্রাসা রোড কিংবা অলিগলিতেও একই চিত্র। এমনকি দোলাইপাড়েও। জাতীয় পার্টি-সমর্থিত কাওসার আহমেদের কয়েকটি পোস্টার ছাড়া সবই হাবিবুর রহমানের (ঠেলাগাড়ি)।
হাবিবুর রহমানের পোস্টারের ছড়াছড়িতে বাইরে থেকে কেউ গেলে বিভ্রান্ত হতে পারেন। মনে হবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী তিনি একজনই। ওয়ার্ড আওয়ামী লীগের এই সভাপতি এলাকায় বেশ প্রভাবশালী।
এখানে বিএনপির সমর্থন নিয়ে লড়ছেন আমিনুল ইসলাম ওরফে সোহাগ (ঘুড়ি)। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য। বিএনপি শুরুতে জামায়াতে ইসলামীর নেতা নাজির আহমেদ ভূঁইয়াকে সমর্থন দিয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়। এ ছাড়া এখানে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোখলেছুর রহমান (লাটিম) ও জাতীয় পার্টির কাওসার আহমেদ (রেডিও)।
গত বুধবার এলাকা ঘুরে দেখা যায়, হাবিবুর রহমান ছাড়া বাকি তিনজনের নির্বাচনী পোস্টার নেই বললেই চলে। তবে রিকশায় মাইক লাগিয়ে আমিনুল ইসলাম ও কাওসার আহমেদের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।
জানতে চাইলে আমিনুল ইসলাম ও মোখলেছুর রহমান বলেন একই কথা। তাঁরা রাতের বেলা পোস্টার লাগালে সকালে পাওয়া যায় না। স্টিকার লাগালে সেগুলোও খুলে ফেলা হয়। হাবিবুর রহমানের লোকজন সব খুলে নিয়ে যায়।
অপর প্রার্থী কাওসার আহমেদও একই অভিযোগ করে বললেন, ‘পোস্টার লাগিয়ে আসলে পরের দিন পাওয়া যায় না। আমার লোকজনকে ভয়ভীতি দেখানো হয়।’ তিনি বলেন, ‘আমি কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। জনগণই এসবের বিচার করবে।’
অবশ্য হাবিবুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শনিবার গভীর রাতে বৃষ্টিতে সব ধুয়ে-মুছে গেছে। তারপর অন্য প্রার্থীরা আর পোস্টার লাগাননি। আর আমরা যেখানেই জায়গা পাচ্ছি সেখানেই লাগাচ্ছি।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমার পোস্টার ও স্টিকার যারা ছিঁড়ে ফেলে তাদের বেশ কয়েকজন আমরা ধরেছি। পরে মানবিক কারণে ছেড়ে দিয়েছি।’
পুরান ঢাকার মীরহাজীরবাগ, পাড় গেন্ডারিয়া ও দোলাইরপাড় নিয়ে ৫১ নম্বর ওয়ার্ড। ভোটার ৩৯ হাজার ৯৪ জন।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ও লোকজনের সঙ্গে কথা বলে বোঝা গেল, এখানকার প্রধান সমস্যা মাদক। এ জন্য প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছাড়া আছে পয়োনিষ্কাশন লাইনের সমস্যা। পানি উপচে রাস্তায় পড়ে। এলাকায় কোনো কমিউনিটি সেন্টার বা খেলার
মাঠ নেই।
ওয়ার্ডের প্রধান সড়কটি বেশ চওড়া ও পরিচ্ছন্ন থাকলেও অলিগলি ভাঙাচোরা। মাদ্রাসা রোডে ঢালাই নেই চার-পাঁচ মাস ধরে। দোলাইরপাড় মোড়ে দেখা গেছে ময়লার ভাগাড়। পাশেই দোলাইরপাড় উচ্চবিদ্যালয়। এতে দুর্গন্ধে নাকাল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিএনপির আমিনুল ইসলাম বলেন, ‘এলাকার প্রতিটি অলিগলিতে মাদক ব্যবসা হয়। তাই আমার প্রধান প্রতিশ্রুতি সন্ত্রাস ও মাদক নির্মূল করা। আমি জয়ী হলে এই ওয়ার্ডকে ঢাকার সব দিক দিয়ে ‘‘মডেল ওয়ার্ড’’ হিসেবে গড়ে তুলব।’
আওয়ামী লীগের হাবিবুর রহমানের প্রধান লক্ষ্য এলাকার রাস্তাঘাটের অসমাপ্ত কাজ শেষ করা। এ ছাড়া ওয়ার্ডে একটি মহিলা কলেজ ও ঈদগাহ করার ইচ্ছা আছে তাঁর। মোখলেছুর রহমান প্রতিশ্রুতি দিচ্ছেন, মাদক নির্মূল, পয়োনিষ্কাশন লাইন সংস্কার, মহিলা স্বাস্থ্য কেন্দ্র ও খেলার মাঠ করার। কাওসার আহমেদের কথা, ‘সব দলের লোকজনের সমর্থন নিয়ে নির্বাচন করছি। জয়ী হলে ওয়ার্ডের উন্নয়নেই কাজ করে যাব।’
অবশ্য প্রার্থীদের এসব প্রতিশ্রুতি নিয়ে ওয়ার্ডের মানুষের খুব বেশি প্রত্যাশা নেই। আবুল বাশার নামের এক মুদি দোকানি বলেন, ‘ভোটের আগে সবাই সব কইরা দেওনের কথা কয়। পরে কিছুই খুইজ্জা পাওন যায় না।’