তাঁরা আছেন মেলাজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলায় ঢুকতেই তাঁর দেখা মিলল। মোটা ফ্রেমের চশমা। গায়ে চাদর জড়ানো। স্মিত হাসি। রঙিন ছাপার আলোকচিত্রে তাঁর অবস্থান। ছবির এই মানুষটির নাম মুহাম্মদ হাবিবুর রহমান। একটু এগিয়ে গিয়ে দেখা মিলল আরেকটি চিরচেনা মুখের। খোলা জানালার রেলিংয়ের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর এই ছবিটিকে ঘিরে হাজারো বইপ্রেমী মানুষের আনাগোনা। দুই হাত ভর্তি করে বই কিনছেন কেউ। আবার এই আলোকচিত্রকে পেছনে রেখে ছবি তুলছেন কেউ কেউ। তাঁরা আর আমাদের মধ্যে নেই। তবে অমর একুশে গ্রন্থমেলায় এই প্রতিকৃতি তাঁদের উপস্থিতি উজ্জ্বল করে রেখেছে।
এবারের মেলা উৎসর্গ করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে। মেলার দুটি প্রাঙ্গণ তাঁর বেশ কিছু প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে। শুধু ছবিতে নয়, মেলায় প্রকাশিত তাঁর লেখা বেশ কিছু বই নিয়েও তিনি উপস্থিত আছেন পাঠকের মধ্যে। এর মধ্যে প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর গুরুত্বপূর্ণ দুটি বই, যার যা ধর্ম এবং বাংলাদেশের নানান ভাষা। যার যা ধর্ম বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ধর্ম অভিধান। পৃথিবীর প্রধান ও অপ্রধান সব ধর্ম ও ধর্মসংশ্লিষ্ট বিষয়ের তথ্য সংকলিত হয়েছে এ বইতে।
হুমায়ূন আহমেদের উপস্থিতি অভিনব। এবারের মেলায় অন্যপ্রকাশ তাদের স্টল সাজিয়েছে তাঁকে কেন্দ্র করে। থিম ‘অনন্ত শূন্যতার খোলা জানালায় দাঁড়িয়ে হুমায়ূন আহমেদ হাসিমুখে দেখছেন বইমেলায় আসা তাঁর ভক্ত-অনুরাগীদের’। হুমায়ূনের অমর সৃষ্টি হিমুর প্রিয় রং হলুদ বেছে নেওয়া হয়েছে স্টলের সজ্জার অন্যতম রং হিসেবে। স্টল সজ্জার পরিকল্পনা করেছেন স্থপতি ও লেখক শাকুর মজিদ। মেলায় অন্যপ্রকাশ, কাকলী প্রকাশনীসহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়েছে হুমায়ূন আহমেদের আলোকচিত্র দিয়ে। সময় প্রকাশন থেকে এসেছে হুমায়ূন আহমেদের বিশেষ রচনা একাত্তর এবং আমার বাবা।
গতকাল মেলা মঞ্চেও ছিল প্রয়াত তিন গুণী ব্যক্তিকে নিয়ে আলোচনা। বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘কবি মোহাম্মদ মাহ্ফুজউল্লাহ্, কবি দিলওয়ার ও কবি খোন্দকার আশরাফ হোসেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে হাসান হাফিজ, মোস্তাক আহমদ দীন ও অনু হোসেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র শেখর ও তারেক রেজা। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
যাতায়াতের পথ: মেলায় এবার আসা-যাওয়ার পথ ছিল একটাই। এরপর থেকেই দাবি উঠেছিল ঢোকা ও বেরোনোর জন্য ভিন্ন ভিন্ন পথের। গতকাল মঙ্গলবার এবারের মেলার ১৮তম দিনে অবশেষে মেলা থেকে বের হওয়ার জন্য ভিন্ন পথ তৈরি করা হয়েছে। উদ্যানের অংশে আগের দ্বারটিকে শুধু প্রবেশের জন্য নির্ধারণ করে পূর্বদিকে আরেকটি দ্বার তৈরি করেছে মেলা কর্তৃপক্ষ। এই দ্বার দিয়ে পাঠকদের বের হওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নতুন বই
গতকাল মঙ্গলবার মেলায় ১০৯টি নতুন বই এসেছে। এর মধ্যে কবিতা ৩১টি, উপন্যাস ১৬টি, গল্প ১৪টি, প্রবন্ধ পাঁচটি, গবেষণা তিনটি, ছড়া চারটি, শিশুতোষ সাতটি ইত্যাদি। মেলায় প্রথমা প্রকাশন এনেছে রকিব হাসানের গোয়েন্দা কিশোর-মুসা-রবিন অর্গান পাইপ রহস্য ।
মেলায় অনিন্দ্য প্রকাশ এনেছে হায়াৎ মামুদের উৎসে ফেরার ছলচাতুরী, অঙ্কুর থেকে এসেছে আত্মজীবনী মওলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইনস ফ্রিডম ও নেহরুর আত্মকথা, অ্যাডর্ন পাবলিকেশনস থেকে এসেছে কবির চান্দ অনূদিত আই এ আর উইলির দাদিমার হরফ শেখা, আগামী এনেছে ভূঁইয়া সফিকুল ইসলামের ডুবেছে অমৃত সূর্য। জাগৃতি থেকে এসেছে প্রথম আলোর বন্ধুসভা পাতায় ছাপা হওয়া লেখার সংকলন কলমবন্ধু। এটি সম্পাদনা করেছেন দন্ত্যস রওশন ও রবিউল ইসলাম।
স্টল বরাদ্দের অনিয়ম হয়নি, দাবি মাওলার
অমর একুশে গ্রন্থমেলায় মাওলা ব্রাদার্সের স্টল বরাদ্দে অনিয়ম হয়েছে এমন একটি অভিযোগ করেছিল বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এ অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রকাশক আহমেদ মাহমুদুল হক। এক লিখিত বিবৃতিতে তিনি জানান, ‘বাংলা একাডেমির নোটিশ বোর্ডে স্টল বরাদ্দের যে তালিকা টাঙিয়েছিল, সেই অনুযায়ী পুরোপুরি নিয়মনীতি মেনে আমরা স্টল সাজিয়েছি।’