তাঁরা আটজন এসেছিলেন চাকরিতে যোগ দিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের মুখ্য বিচারিক হাকিম আদালতে চাকরিতে যোগদানের জন্য তাঁরা আটজন এসেছিলেন। মুঠোফোনে যোগদানের সংবাদ পেয়ে অনেকে বেসরকারি চাকরি ছেড়ে এবং বাড়িতে মিষ্টি বিতরণ করে এসে দেখেন নিয়োগকর্তা (যাঁর কাছে যোগদান করার কথা) ছুটিতে।

যোগদানের জন্য আগত ব্যক্তিরা গতকাল শুক্রবার বলেছেন, গত বৃহস্পতিবার ছিল তাঁদের যোগদানের শেষ তারিখ। কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা ও দায়রা জজ না থাকায় তাঁরা যোগ দিতে পারেননি। সময় অতিক্রান্ত হওয়ায় এখন তাঁদের যোগদানের সুযোগ নেই। এ জন্য তাঁদের উচ্চ আদালতে মামলা করা ছাড়া কোনো উপায় নেই।

জেলা ও দায়রা জজের ঘনিষ্ঠ ব্যক্তিরা গত বৃহস্পতিবার যোগদানের শেষ তারিখ হওয়ার কথা স্বীকার করে বলেন, ১৪ মাস আগে নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে কি না আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। সেখান থেকে এখনো মতামত না পাওয়ায় আটজনকে যোগদান করানো সম্ভব হয়নি।

 আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। জেলা ও দায়রা জজ কেন নিয়োগ দেননি, খোঁজখবর নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কিছু ছেলেমেয়ের চাকরি হয়েছে, শেষ সময়ে তাঁদের যোগদান করতে দেওয়া উচিত ছিল।

 দলিলপত্রে দেখা যায়, মুখ্য বিচারিক হাকিমের আদালতে বেঞ্চ সহকারী, পিয়নসহ বিভিন্ন পদে ৩০ জন কর্মচারীর জন্য ২০১১ সালের মে মাসে নিয়োগ পরীক্ষা হয়। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে সেখানে প্রেষণে থাকা ১১ জন কর্মচারী বিচার বিভাগে তাঁদের চাকরি আত্তীকরণের দাবিতে উচ্চ আদালতে মামলা করেন। এ জন্য ১১টি পদে নিয়োগপ্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

 আদালতের নথিপত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল উচ্চ আদালতের মামলা খারিজ হয়ে যায় এবং স্থগিত নিয়োগপ্রক্রিয়া আবার শুরু হয়। নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে জেলা ও দায়রা জজ।

 যোগদান করতে আসা বেঞ্চ সহকারী রবিউল ইসলাম, মীর ইলিয়াস হোসেনসহ সবাই বলেন, চাকরির প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০ মে উপস্থিত থাকতে জেলা ও দায়রা জজের কার্যালয় থেকে ২৭ মে তাঁদের চিঠি দেওয়া হয়েছিল। তাঁরা উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিয়েছিলেন। আবার ৩ জুন মুঠোফোনে তাঁদের ৬ জুন যোগদানপত্রসহ কাজে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয় বলে নিয়োগ প্রার্থীরা জানিয়েছেন।

 জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম চাকরিতে যোগদানের জন্য ৩ জুন মুঠোফোনে জানিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ৩০ মে নিয়োগের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে পাঠানো চিঠির জবাব পাওয়া যাবে ধারণা করা হয়েছিল। এ জন্য আটজনকে যোগদানের জন্য আসতে বলা হয়েছিল। কিন্তু চিঠির জবাব না আসায় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা ও দায়রা জজও ছুটিতে রয়েছেন।