তাঁরা আহাম্মকের দল: সৈয়দ আশরাফ

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসায় যেসব দল ও বুদ্ধিজীবী উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁদের ‘আহাম্মকের দল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মোদিকে নিয়ে উল্লসিতদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, ‘আহাম্মকের দল। তাঁদের ন্যূনতম গভীর জ্ঞান নেই। না বুঝেই টক শোতে কথা বলছে, উচ্ছ্বাস প্রকাশ করছে। যাঁরা বলেন মোদি এসেছে, আওয়ামী লীগ থাকবে না, তাঁদের বলতে চাই, যাঁদের গণতন্ত্রের সামান্য ধারণা আছে, ফরেন পলিসি সম্পর্কে জানেন, তাঁরা কখনো এটা বলতে পারেন না। কারণ মিয়ানমার, ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের ক্ষমতার পরিবর্তনে বাংলাদেশের কিছুই হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”, আমরা এই ফরেন পলিসিতে বিশ্বাসী।’
আওয়ামী লীগ নেতাদের লোভ-লালসা ত্যাগের আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এখন অনেকের ব্যাপারে অনেক কথা পত্রিকায় আসে। এটা সুখবর নয়। বঙ্গবন্ধুর সৈনিকদের এমন কর্মকাণ্ডে জড়িত হওয়া উচিত না, যেন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কারণ ক্ষমতা চিরস্থায়ী না।’
দলীয় নেতাদের উদ্দেশ করে আশরাফ বলেন, ‘এই যে দেখেন ভারতের লোকসভা নির্বাচন। যে কংগ্রেস ছিল নেহরু, ইন্দিরা গান্ধীর দল, তাদের কী অবস্থা! যত ভালো কাজই করেন না কেন, জনগণের সঙ্গে খারাপ আচরণ করলে তারা এর জবাব দেবে।’ জনগণের সঙ্গে সম্পর্ক রাখা গণতন্ত্রের কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।
আশরাফ বলেন, ‘লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা কারও লেজও না, কেউ আমাদের মুনিবও না। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, সেটাই থাকবে। শুধু ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নয়, ব্রাজিল, চিলি ছাড়াও আফ্রিকার অনেকে দেশে এখন কূটনৈতিক মিশন খোলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক স্থাপিত হচ্ছে।’
বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির উল্লাস দেখে মনে হয়েছে, বিজেপি নয় বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপিকে বলতে চাই, বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় বাংলাদেশ শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পেয়েছিল।’ তিনি বলেন, ‘দেশের সঙ্গে দেশের সম্পর্ক হয়। দলের সঙ্গে দলের সম্পর্ক হয় না। আমরা আশা করি, বিজেপির শাসনামলে সীমান্ত চুক্তি ও তিস্তা চুক্তি হবে এবং ভারতের বাজারে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে।’
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম তাঁর বক্তব্যে বিএনপিকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ বলে অভিহিত করে বলেন, ‘ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ না পেয়ে লাফায়, ঠিক তেমনি বিএনপি লাফাচ্ছে। কিন্তু এতে লাভ হবে না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, মোফাজ্জল হোসেন চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম প্রমুখ।