তাঁরা এক দিনের কসাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত্তার মিয়া। রিকশাচালক। ঈদে বউ-বাচ্চা পাঠিয়ে দিয়েছেন গ্রামে। তিনি রয়ে গেছেন ঢাকায়। ঈদের দিন তিনি রিকশা চালাবেন না। এ দিন তিনি কাটবেন গরু। হবেন এক দিনের কসাই। কিছু বাড়তি টাকা আয় করেই তিনি যাবেন বাড়ি।

শুধু সাত্তারই নন, ঢাকায় এমন অনেক রিকশাচালক, দিনমজুর বা সবজিবিক্রেতা আছেন, যাঁরা ঈদের দিন কসাইয়ের কাজ করবেন বলে ঢাকায় অবস্থান করছেন। আবার ঢাকার বাইরে থাকা বিভিন্ন কসাইও ঢাকায় আসেন। ঢাকায় কসাইয়ের কাজ করলে তুলনামূলক বেশি টাকা আয় করা যায়।

ধারণা করা হচ্ছে, এবার ঢাকায় প্রায় সাড়ে পাঁচ লাখ পশু কোরবানি হবে। কিন্তু সে অনুযায়ী কসাই নেই। তাই ঈদের দিন এমন ‘মৌসুমি’ কসাইয়ের দেখা মেলে। সাত্তার মিয়া বলেন, ‘এই সময়ই তো দুইডা ট্যাহা বেশি কামামু। চাইর বছর ধইরা ঈদ আইলে গরু কাটার কাম করি।’ এবারও সাত্তার মিয়া মোহাম্মদপুরে একজনের বাড়িতে গরু কাটার কাজ পেয়েছেন।

মো. শহীদুল্লাহ পেশায় একজন দিনমজুর। তবে ঈদ এলে তাঁর চাহিদা বেড়ে যায়। প্রায় ৩০ বছর ধরে তিনি ঢাকায় এক দিনের কসাই হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ‘প্রত্যেক ঈদেই ১৫-১৬টা গরু কাটি। আমার সঙ্গে আরও ৬-৭ জন কাজ করে।’ তিনি বলেন, তাঁদের একটি দল আছে। দলের প্রত্যেকের উপার্জিত টাকা এক জায়গায় করা হয়। পরে তা ভাগাভাগি করা হয়। গরুপ্রতি আকৃতিভেদে পাঁচ থেকে আট হাজার টাকা নিয়ে থাকেন তাঁরা।

১৩ বছর ধরে মংলা মণ্ডল কসাই পেশার সঙ্গে যুক্ত। বাড়ি বগুড়ায়। তবে এবার ঈদে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বগুড়ার চেয়ে ঢাকায় গরু কাটার আয় বেশি। তাই ঢাকায় আসার সময় নিজের সঙ্গে চার-পাঁচজনকে নিয়ে এসেছেন। মংলা মণ্ডল বলেন, ‘কিছু বেশি ইনকাম হয়। এই টাইমে আট-দশ হাজার টাকা পাই।’

ঢাকায় যে পরিমাণে পশু কোরবানি হয়, সে পরিমাণে পেশাদার কসাই পাওয়া যায় না। তাই অনেকেই আগে থেকেই কসাই বুকিং দিয়ে রাখেন। পুরান ঢাকার বাসিন্দা জাকির হোসেন অগ্রিম ৫০০ টাকা দিয়ে একজন কসাই ঠিক করেছেন। জাকির বলেন, ‘ঈদের সময় তো পেশাদার কসাই সহজে পাওয়া যায় না। আর তাঁদের চাহিদাও বেশি থাকে। এইবার আমি আগেই বুকিং দিয়ে রাখছি।’

এদিকে কসাইয়ের চাহিদা মেটাতে অনলাইন বিপণন শপগুলো কসাই বুকিংয়ের সুযোগ করে দিচ্ছে। বিক্রয়ডটকম, এখানেইডটকমসহ বিভিন্ন ধরনের শপ ‘কসাই বুকিংয়ের’ প্রচারণা চালিয়ে যাচ্ছে।