তাঁরা এখন 'আলোর মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদক সেবন করব না, মাদক বিক্রি করব না। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে কখনো প্রশ্রয় দেব না।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে অন্তত পাঁচ হাজার মানুষ এ শপথ নেন।
জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলার ৪৩০ জন মাদক বিক্রেতা অবৈধ এ ব্যবসা ছাড়ার ঘোষণা দেন। তাঁদের ‘আলোর মানুষ’ উপাধি দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান। তিনি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে দর্শকসারির ওই ৪৩০ জনের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেন।
অনুষ্ঠানে ডিআইজি ঘোষণা দেন, পুলিশ যেকোনো মূল্যে দেশকে মাদকমুক্ত করবে। যাঁরা দীর্ঘদিন অন্ধকারে থাকার পর আলোর পথে এসেছেন, তাঁরা ‘আলোর মানুষ’। যাঁরা এখনো আসেননি তাঁরা ভুল করেছেন। মাদক ব্যবসায়ীদের গডফাদারদের তালিকা পুলিশের হাতে রয়েছে। শিগগিরই তাদের ধরা হবে। ফিরে আসা ব্যক্তিদের কেউ পুরোনো ওই পেশায় ফেরার চেষ্টা করলে তার অবস্থা খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বেলা ১১টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্যসচিব মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন, মাগুরার পুলিশ সুপার মনিবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুল মজিদ প্রামাণিক, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া আলম, ফোরামের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জিল্লুর রহমান, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউপির চেয়ারম্যান কাওসার আহমেদ প্রমুখ। এ ছাড়া মাদক ব্যবসা ছেড়ে আসা মনিরুজ্জামান ও বিপুল কুমার বিশ্বাস নিজেদের অন্ধকার জগতে প্রবেশ, পরিণতি এবং তা ছেড়ে আসার কাহিনি শোনান।
চুয়াডাঙ্গা পুলিশ গত ১৩ ফেব্রুয়ারি জেলার মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানায়। এতে সাড়া দিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ৪৩০ জন অনানুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
সমাবেশের আগে বেলা সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশ সদস্য, রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও প্রথম আলো বন্ধুসভার সদস্যসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম আলো ট্রাস্ট ও প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের প্রকাশিত মাদকবিরোধী প্রচারপত্র ও স্টিকার বিলি করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি রনি আলম।