তাঁরা এখনো দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ষোলো বছর আগে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে শুনছি, পদটিকে প্রথম শ্রেণীর করা হবে। কিন্তু এখনো তা দ্বিতীয় শ্রেণীরই রয়ে গেছে। অথচ উপজেলা সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের পদ প্রথম শ্রেণীর।’ কথাগুলো বললেন নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা মহিলাবিষয়ক একজন কর্মকর্তা।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তারা মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীন। এ অধিদপ্তরের জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও প্রোগ্রাম অফিসারের পদও দ্বিতীয় শ্রেণীর। কিন্তু সমাজসেবা, যুব উন্নয়ন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পদটি প্রথম শ্রেণীর। একই পর্যায়ের কর্মকর্তা হলেও পদমর্যাদার দিক থেকে দ্বিতীয় শ্রেণীর হওয়ায় মহিলা অধিদপ্তরের এসব কর্মকর্তা বৈষম্যের শিকার বলে মনে করেন।মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার পদে ৬৮ জন, জেলা মহিলা কর্মকর্তা পদে ৬৮ এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পদে ৪৮০ জন কর্মরত রয়েছেন। সূত্র জানায়, ১৯৮৬ সাল থেকে এসব পদ উন্নীত করার দাবি উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা মহিলাবিষয়ক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা নারীর উন্নয়নে কাজ করব, কিন্তু আমাদেরই তো পদের মর্যাদা বাড়ছে না।’২০০১ সালে প্রোগ্রাম অফিসার পদে যোগ দেওয়া এক কর্মকর্তা বলেন, ‘এই পদে যোগ দেওয়ার পর থেকেই শুনছি, পদটি আপগ্রেড হচ্ছে কিন্তু হয়নি। অথচ পদটি আপগ্রেড করলেও সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না। শুধু কর্মকর্তাদের পদমর্যাদা বাড়বে।’ বিগত তত্ত্বাবধায়ক সরকারের মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, সমস্যাটির সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের সময় চেষ্টা চালানো হয়। এ বিষয়ে একটি প্রস্তাবও সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আর কোনো অগ্রগতি হয়নি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সব যোগ্যতা এক হওয়ার পরও আমার অধিদপ্তরের কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণীর। এ ধরনের বৈষম্য চলতে পারে না।’সূত্র জানায়, গত বছরের মার্চ মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে সাংসদ মোহাম্মদ সিরাজুল আকবর জেলা পর্যায়ের মহিলাবিষয়ক কর্মকর্তার পদটি উপপরিচালক এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ প্রথম শ্রেণীতে উন্নীত করার প্রস্তাব করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদীয় কমিটির নবম বৈঠকে একই সার্কুলারে নিয়োগ বিধিমালা এবং একই স্কেলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও প্রোগ্রাম অফিসার নিয়োগ হওয়ায় দুটি পদই উন্নীত করার সুপারিশ করা হয়।সূত্র আরও জানায়, গত বছর জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদমর্যাদা-সংক্রান্ত প্রস্তাব সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হলেও তখন এসব পদ অস্থায়ী হওয়ায় তা বিবেচিত হয়নি। গত জুনে পদগুলো রাজস্ব খাতে নিয়ে স্থায়ী করা হয়।মন্ত্রণালয়ের তথ্যমতে, সংস্থাপন মন্ত্রণালয় গত বছরের জানুয়ারি মাসে মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের কাছে পদগুলো উন্নীতকরণের যৌক্তিকতাসহ ১১টি বিষয় জানতে চায়। এগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী-উপদেষ্টার কোনো সিদ্ধান্ত থাকলে তার অনুলিপি, বর্তমান পদ ও প্রস্তাবিত পদের বেতন স্কেল, জব ডেসক্রিপশন, পদ উন্নীতকরণের ফলে বার্ষিক অতিরিক্ত কত আর্থিক সংশ্লেষ হবে, নিয়োগবিধির পূর্ণাঙ্গ কপি, বর্তমান পদ ও প্রস্তাবিত পদে নিয়োগের যোগ্যতা, পদগুলো উন্নীত করা হলে বিদ্যমান ফিডার পদে কোনো প্রভাব পড়বে কি না ইত্যাদি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, প্রক্রিয়াগত বিভিন্ন কারণে বিষয়টিতে অনেক সময় লেগেছে, যা দুঃখজনক। তবে মন্ত্রণালয় সব কাজ গুছিয়ে এনেছে। শিগগিরই এ বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হবে। এরপর তা অর্থ মন্ত্রণালয়ে যাবে।