স্বীকৃত প্রতিষ্ঠানের ডিগ্রি নেই। নেই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সনদও। তবুও রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় চিকিৎসালয় খুলে দন্তচিকিৎসা দিয়ে যাচ্ছিল তারা। এ রকম নয়জন কথিত দন্তচিকিৎসককে গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর একজনকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন এই আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহের পারভীন। র্যাব-৪-এর সদস্যরা এই অভিযানে ছিলেন।
ম্যাজিস্ট্রেট আল-আমিন প্রথম আলোকে বলেন, মিরপুর ৬ নম্বরে স্বপ্নিল ডেন্টাল কেয়ারে রানা রহমান আলম নামে একজন দন্তচিকিৎসক চেম্বার খুলে ব্যবসা করছিল। তাকে ধরার পর জানা গেল সে এসএসসি পাসই করেনি। অথচ চিকিৎসক পদবি লাগিয়ে ব্যবসা করছে। তাকে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ রকম আরেকজন মুরাদ হোসেন পল্লবীর মুসলিম বাজারে মোল্লা ডেন্টাল কেয়ার খুলে চিকিৎসা দিচ্ছিল। সে-ও এসএসসি পাস নয়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ রকম আরও কয়েকজন মিলল যারা ডেন্টাল ডিপ্লোমা পাস করে সরাসরি ‘চিকিৎসক’ পদবি ব্যবহার করে ব্যবসা করছে। আইন অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ চিকিৎসক পদবি ব্যবহার করতে পারেন না।
দণ্ড পাওয়াদের মধ্যে আরও রয়েছে পূরবী মার্কেটে মাদার ডেন্টাল সার্জারির নূরজাহান খাতুনকে এক লাখ টাকা অর্থদণ্ড, পল্লবীর প্যাসিফিক ডেন্টাল হোমের মোসাব্বিরুল হককে এক লাখ টাকা, পশ্চিম শেওড়াপাড়ার জননী ডেন্টাল কেয়ারের ইকরাম হোসেনকে দুই লাখ টাকা, মাজার কো-অপারেটিভ মার্কেটে মিরপুর ডেন্টাল কেয়ারের সুমন খানকে ৫০ হাজার টাকা, একই স্থানে রুমী ডেন্টাল কেয়ারের এনায়েত হোসেনকে এক লাখ টাকা ও মুন ডেন্টাল কেয়ারের এম এ কামাল আহম্মেদকে ৫০ হাজার টাকা, মিরপুরের অ্যাপোলো ডেন্টাল কেয়ারের মেহেদী হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা র্যাবের কর্মকর্তারা জানান, ছোট্ট মুদির দোকানের মতো জায়গায় ‘দাঁতের দোকান’ দিয়ে বসেছে নোংরা, ঘিঞ্জি পরিবেশে কথিত চিকিৎসকেরা। জীবাণুমুক্তকরণ ছাড়াই অবাধে এক যন্ত্র একাধিক ব্যক্তির মুখে ঢোকানো হচ্ছে।