তাঁরা ওপরে থাকলে হয়তো বেঁচে যেতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে এসে না পড়লে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হতো তাঁদের। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা লোকজন ওপরে না উঠে নিচে নামতে থাকেন বলেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তুং হাই সোয়েটার কারখানায় গত বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক জেড এ মোরশেদসহ আটজন দম বন্ধ হয়ে মারা যান।

ফায়ার সার্ভিসের পরিচালক মোহাম্মদ জিহাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন লাগে ১২ তলা ভবনের তৃতীয় তলায়। ছড়িয়ে পড়ে চতুর্থ তলায়। যাঁরা মারা গেছেন, তাঁরা ছিলেন ১০ তলায়। তাঁরা সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করছিলেন। ছাদে চলে গেলে বা ১০ তলায় নিজেদের কক্ষে থাকলেও মৃত্যুর আশঙ্কা কমত। তিনি বলেন, সোয়েটার বা কাপড় পুড়লে তীব্র কালো ধোঁয়ার সৃষ্টি হয় এবং বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যায়। অক্সিজেনের ঘাটতি হওয়ায় তাঁরা নিঃশ্বাস নিতে পারেননি।

খোঁজ নিয়ে জানা যায়, ভবনটির তৃতীয় তলায় ছিল আয়রন সেকশন। ওই তলায় বৈদ্যুতিক ভোল্টেজও ছিল বেশি। মাহবুবুর রহমানসহ অন্যরা ওপরে উঠেছিলেন ঠিকই, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় নিচে নামছিলেন। অগ্নিকাণ্ডের কারণ ফায়ার সার্ভিস খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

কারখানার ১০-১২ জন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে নিয়মিত অগ্নিনিরাপত্তা মহড়া হতো। প্রতিটি তলায় অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে, আছে বিকল্প সিঁড়িও। ভবনটির অগ্নিনির্বাপণের ব্যবস্থা কেমন ছিল, সে সম্পর্কে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা বলেছে, সাধারণভাবে ভবনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নিয়ে ভবনের মালিকেরা খুব একটা মাথা ঘামান না।

আট-নয়তলার সিঁড়িতে পড়েছিল মৃতদেহগুলো: তুং হাই সোয়েটার ফ্যাক্টরিতে আগুন লাগার পরপরই সেখানে ছুটে যান স্থানীয় কয়েকজন তরুণ। তাঁদের একজন শ্রাবণ আহমেদ জানান, তাঁরা ফ্যাক্টরির সামনেই গল্পগুজব করছিলেন। কারখানার ভেতরে লোকজন আটকা পড়েছে জেনে কয়েকজন সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। আট-নয়তলার সিঁড়িতে এ সময় তাঁরা ছয়-সাতজনকে পড়ে থাকতে দেখেন। একজন শ্রাবণের কাছে পানি চান। শ্রাবণ গেঞ্জি ভিজিয়ে পানির ছিটা দেন ওই ব্যক্তিকে। কিন্তু চোখের সামনেই একটু পর তিনি মারা যান।

বন্ধু ও ব্যবসায়ী অংশীদার মো. তোফাজ্জল হোসেন মাহবুবুর রহমানকে উদ্ধার করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘তুং হাইতে আগুন লেগেছে শুনে আমি নিজেই গাড়ি চালিয়ে চলে যাই। সিঁড়ি দিয়ে চারতলায় উঠেও যাই। কিন্তু কিছুক্ষণ পরই আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। পরে উদ্ধারকর্মীরা আমাকে নামিয়ে আনেন।’

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শকের গাড়িচালক রিপন চাকমা তুং হাই কারখানার তৃতীয় তলায় আগুন দেখে তাঁকে উদ্ধার করতে গিয়ে শ্বাসরোধ হয়ে মারা যান।