তাঁরা কলেজে যান না, বেতন নেন নিয়মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান ও প্রধান অফিস সহকারী নুরুল ইসলাম কলেজে যান না, কিন্তু নিয়মিত বেতন নেন বলে অভিযোগ উঠেছে।

অধ্যক্ষ আবদুল জলিল জানান, ওই দুজন ক্ষমতাধর ব্যক্তিদের আত্মীয়। ওয়াহিদুজ্জামান প্রায় ১৬ বছর ধরে চাকরি করেন। চার বছর ধরে তিনি কলেজ করেন না। প্রধান অফিস সহকারীর চাকরির বয়স এক বছর। তিনি নিয়োগের পর থেকেই কলেজে অনুপস্থিত।

নুরুল ইসলাম মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের শ্যালক। ওয়াহিদুজ্জামান জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলীর শ্যালক।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াহিদুজ্জামান ও নুরুল ইসলাম চাকরির বদলে ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যস্ত রয়েছেন।  এ ব্যাপারে ওয়াহিদুজ্জামান জানান, তিনি পদ্মা সেতুর নির্মাণকাজে শ্রমিক সরবরাহ ও মাটি ভরাটের কাজ পেয়েছেন (সাব-কন্ট্রাক্ট)। তাই তিন বছর ধরে কলেজ যেতে পারছেন না। ওই কাজে তাঁর ৪৫ লাখ টাকা লোকসান হয়েছে। তিনি দাবি করেন, ‘ইদানীং কলেজে যাচ্ছি। তবে চাকরি ছেড়ে মালয়েশিয়ায় ব্যবসা করার চেষ্টায় আছি।’

কলেজের হিসাবরক্ষক আকরাম আলী জানান, নুরুল ইসলামের অনুপস্থিতির কারণে দাপ্তরিক কাজে তাঁদের খুব সমস্যা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিয়ন জানান, তাঁকে মেহেরপুর গিয়ে নথিতে স্বাক্ষর আনতে হয়।

এ ব্যাপারে নুরুল ইসলাম জানান, তিনি ব্যবসার কারণে কলেজে যেতে পারেন না। বর্তমানে তাঁর ৭৭ লাখ টাকার ঠিকাদারির কাজ চলছে। এ ছাড়া তিনি মেহেরপুর কবি নজরুল মাধ্যমিক, নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন। তিনি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন।