তাঁরা কাঁদলেন, কাঁদালেন
মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা প্রণজিত পাল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করে তাঁর স্ত্রী, ছেলেমেয়ে কান্নায় ভেঙে পড়লেন। তাঁদের কান্না দেখে অন্য লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেননি। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ওই দাবিতে আয়োজিত মানববন্ধনে এ হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয় লোকজন জানান, গত ৩০ জুন রাতে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে অগ্রণী ব্যাংক মৌলভীবাজার প্রধান শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা প্রণজিত পালকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী কাঞ্চন পাল ২ জুলাই পাঁচজনকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় মামলা করেন। ঘটনার দুই সপ্তাহ পরও আসামিরা ধরা না পড়ায় নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করার কর্মসূচি গ্রহণ করে। সে অনুযায়ী গতকাল দুপুরে শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত ব্যাংক কর্মকর্তার গ্রাম সদর উপজেলার মনোহরকোনা, পাশের ইসলামপুর, কিত্তারমহল, রায়শ্রী এবং শহরের সৈয়ারপুরসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে সৈয়ারপুর এলাকার বাসিন্দা তপন পালের সঞ্চালনায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিহির কান্তি দেব, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা রতন ভট্টাচার্য, ব্যবসায়ী জুনেদ আহমদ, আইনজীবী পার্থ সারথী পাল, বিজন পাল এবং প্রণজিত পালের স্ত্রী কাঞ্চল পাল, মেয়ে কাবেরী পাল ও ছেলে পার্থ সারথী পাল প্রমুখ বক্তৃতা করেন। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।