
সুচরিতা বর্মণ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সদ্য বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলের বর্মণপাড়া গ্রামের শরৎচন্দ্রের মেয়ে। মা-বাবা, ভাইবোনসহ তার পরিবারের আট সদস্য এ দেশ ছেড়ে চিরতরে চলে যাচ্ছেন ভারতে।
সুচরিতা উপজেলার জোংড়া ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সহপাঠীরা এসেছে তাকে বিদায় জানাতে। তাদের জড়িয়ে ধরে হু হু করে কান্নায় ভেঙে পড়ে সুচরিতা। সে বলে, ‘জন্মভিটা, বাড়ির আঙিনা, আর খেলার সাথি ছেড়ে চলে যাচ্ছি। আবার হবে কিনা দেখা, জানি না। এই শুধু জানি, এবার আর বাড়ির ধানের ভাত বা পিঠা-পায়েস খাওয়া হবে না। এই মাটি, জল-হাওয়া, সব পড়ে রইল। সব। শুধু কিছু স্মৃতি নিয়ে গেলাম বুকে করে।’ সুচরিতার কান্নায় সহপাঠী তো বটেই, আত্মীয়স্বজন, পরিচিতজনসহ উপস্থিত সবার চোখই ভিজে ওঠে।
এভাবে কেঁদে আর কাঁদিয়ে গতকাল সোমবার আরও ২৭৮ জন স্থায়ীভাবে ভারতে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে সুচরিতাদের পরিবারসহ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত চারটি ছিটমহলের ৩০ পরিবারের ১৩১ জন রয়েছেন। অন্যরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ২৮টি পরিবারের ১৪৭ সদস্য।
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার সদ্য বিলুপ্ত ১১৯, ১১২, ১১৫ নম্বর বাঁশকাটা ও ১৫ নম্বর খরিখরি ছিটমহলের ৩০টি পরিবারের নারী, শিশুসহ ১৩১ জন সকাল ১০টার দিকে বুড়িমারী স্থলবন্দরে পৌঁছান। এরপর আনুষ্ঠানিকতা শেষে বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম তাঁদের মিষ্টি মুখ করান এবং রজনীগন্ধা ফুল তুলে দেন প্রত্যেকের হাতে। আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন ও জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মাহমুদুন্নবী উপস্থিত ছিলেন।
স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহারের জেলা প্রশাসক পি উলগানাথনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের নতুন নাগরিকদের স্বাগত জানান। এ সময় সে দেশের জাতীয় সংগীত গেয়ে, ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের বরণ করা হয়। মুখে তুলে দেওয়া হয় মিষ্টি। পরিবেশন করা হয় মনোমুগ্ধকর সংগীত আর নৃত্য।

পঞ্চগড়: নারী, শিশুসহ ১৪৭ জন গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দেবীগঞ্জ উপজেলার গাজোকাঠি উচ্চবিদ্যালয় মাঠ থেকে চারটি বাস ও সাতটি ট্রাকে মালামাল নিয়ে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের দিকে রওনা হন। এর আগে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তার হাতে তাঁদের তুলে দেন। পরে দেবীগঞ্জের ইউএনও মো. শফিকুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও শুল্ক কর্তৃপক্ষের গাড়িবহর নিয়ে চিলাহাটি সীমান্তের আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টার দিকে পৌঁছান। সেখানে অভিবাসনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তপথের ৭৮২ নম্বর প্রধান সীমান্ত খুঁটি দিয়ে বেলা পৌনে তিনটার দিকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ডোমারের ইউএনও সাবিহা সুলতানা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তা। তাঁদের গ্রহণ করেন ভারতের কোচবিহার জেলার অতিরিক্ত হাকিম আয়শা রানী, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৮ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার এ কে ঝা প্রমুখ। বেলা পৌনে তিনটার দিকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার সময় বাসের ভেতরে থাকা ভারতগামীরা আবারও বুকফাটা আর্তনাদ করে ওঠেন। ডুকরে কাঁদতে থাকেন। আর বিদায় জানাতে আসা স্বজনেরাও এপারে থেকে হাত নেড়ে কান্নায় ভেঙে পড়েন।
গতকাল দ্বিতীয় দফায় নবজাতকসহ ৩১ পরিবারের ১৭৬ জন সদস্যের যাওয়ার কথা থাকলেও জমি বিক্রি করতে না পারায় বাকিরা ৩০ নভেম্বরের মধ্যে ভারত যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় ভারত-বাংলাদেশের ১৬২টি ছিটমহল। পরে সরকারিভাবে এই দুই দেশ যৌথ জরিপকাজ চালায়। এর মাধ্যমে বিলুপ্ত ছিটমহলবাসী নিজেদের ইচ্ছেমতো এই দুই দেশের যেকোনো দেশের নাগরিকত্বের আবেদন করেন।
ভারতে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে ভারত সরকার। সে অনুযায়ী ট্রাভেল পাসধারীদের ৩০ নভেম্বরের মধ্যে ভারত পাঠানোর সিদ্ধান্ত হয় উভয় দেশের ডিসি-ডিএম পর্যায়ের যৌথ সভায়। এর অংশ হিসেবেই বৃহস্পতিবার প্রথম দফায় ৬৩ জন এবং গত রোববার আরও ১২০ জন ভারতে যান।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন প্রথম আলোর নীলফামারী, পঞ্চগড় ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি}