তাঁরা কাঁদলেন, তদন্তও দাবি করলেন

চারদিকে পিনপতন নীরবতা। দরজা-জানালা বন্ধ ঘরের অন্ধকার ভেদ করে প্রজেক্টরের পর্দায় ভেসে উঠল প্রিয় শিক্ষকের ছবি। একে একে অনেক ছবি। সঙ্গে বাজছে রবিঠাকুরের ‘তুমি রবে নীরবে...’ গানের সুর। সেই ছবি আর সুরে কাঁদলেন উপস্থিত অনেকে।
গতকাল রোববার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের শোকসভায়। বিভাগের আয়োজনে দুপুরে এই শোকসভা হয়।
শিক্ষক আকতার জাহানকে নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শনীর সময় শোকসভায় উপস্থিত অনেক শিক্ষক ও শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। তাঁরা প্রিয় শিক্ষকের স্মৃতিচারণার পাশাপাশি তাঁর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন দ্বিতীয় বর্ষে, তখন জলি (আকতার জাহান) প্রথম বর্ষে ভর্তি হয়। রাজশাহীতে এসে সহকর্মী হওয়ার পর প্রতিদিন আমার খোঁজ নিত। আমি ওষুধ খেয়েছি কি না, কত দিন ধরে খাচ্ছি। অন্য কোনো সহকর্মী এটা করে না। জলি শুধু যে আমার সঙ্গেই এমনটা করে, তা নয়। সবার সঙ্গে পেশার বাইরে ব্যক্তিগত সম্পর্ক রেখে গেছে জলি।’ বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন বলেন, ‘কী পরিস্থিতি তৈরি হলে একটা মানুষ আত্মহত্যা করতে পারে, তা আমাদের বিবেচনায় আনতে হবে। কোনো মানুষ একবারে একাকী না হলে আত্মহত্যার দিকে যেতে পারে না। আমরা জলির মৃত্যুর দায় এড়াতে পারি না।’
বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘জলি আপার মৃত্যু আমাকে বিধ্বস্ত করেছে ব্যক্তি হিসেবে, সহকর্মী হিসেবে ও বিভাগের সভাপতি হিসেবে। দায়টা আমার একটু বেশি।’
শোকসভায় উপস্থিত ছিলেন আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান, শিক্ষার্থী রফিকুল ইসলাম, জোবায়দা শিরিন, আতিকুর রহমান, হুসাইন মিঠু প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় বিভাগের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়।