তাঁরা কাজ করেন সমান তবে মজুরি পান অর্ধেক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট-হায়দারগঞ্জ সড়কের পাশে গতকাল বৃহস্পতিবার মাটি কাটার কাজ করছিলেন তানিয়া আক্তার (৩০), বুলি (২৭) ও ঝর্ণা বেগম (২৯) নামের তিন নারী শ্রমিক।ওই নারী শ্রমিকেরা মাটি কাটা এবং মাথায় করে সেই মাটি বয়ে এনে রাস্তার পাশে ফেলার কাজ দুটিই করছিলেন। তাঁদের সঙ্গে একই কাজ করছেন নয়জন পুরুষ শ্রমিকও। কিন্তু দিনের শেষে পুরুষেরা মজুরি পাবেন ৩৫০ টাকা, আর নারী শ্রমিকেরা পাবেন ১৮০ টাকা করে।ওই রাস্তার সংস্কারকাজের ঠিকাদারের প্রতিনিধি সাইফুল আবদুল মালেক বলেন, নারী শ্রমিকেরা পুরুষের সমান কাজ করতে পারেন না। এ জন্য তাঁদের মজুরি পুরুষের অর্ধেক দেওয়া হয়।কিন্তু নারী শ্রমিক তানিয়া আক্তারের দাবি, তাঁরা পুরুষের সমান কাজ করেন। অনেক সময় পুরুষ শ্রমিকেরা কাজ বন্ধ করে চা পান ও ধূমপান করেন। কিন্তু নারী শ্রমিকেরা ওই সময়ও কাজ করেন।গতকাল চরবংশী গ্রামে সয়াবিনখেতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন পাখি বেগম। আক্ষেপের সুরে তিনি বলেন, মালিক তাঁকে মজুরি দেবেন ১৮০ টাকা আর পুরুষ শ্রমিকদের দেবেন ৩০০ টাকা। তিনি বলেন, তাঁর স্বামী তাঁকে চার বছর আগে ছেড়ে চলে গেছেন। তাই কম মজুরি পেলেও তাঁর কাজ করা ছাড়া কোনো উপায় নেই।মিতালী বাজার-চরবিকমস সড়কের পাশের জমিতে মাটি কাটার কাজ করছিলেন নূরজাহান বেগমসহ পাঁচ-ছয়জন নারী। আক্ষেপ করে তাঁরা বলেন, দিনের পর দিন তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। কিন্তু তাঁদের পাশে কেউ দাঁড়ায় না। জীবন বাঁচাতে নিরুপায় হয়ে তাঁরা কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন।উপজেলা মানবাধিকার ব্যুরোর সাধারণ সম্পাদক এম এ রহিম বলেন, জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারী ও পুরুষের মজুরি সমান করা হয়েছে। সে হিসেবে নারী ও পুরুষ শ্রমিক সমান মজুরির দাবিদার। তিনি বলেন, মজুরি বৈষম্য ও নির্যাতনের শিকার হলে নারীদের আইনের আশ্রয় নিতে হবে।মহিলাবিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার বলেন, নারী শ্রমিকেরা পুরুষ শ্রমিকের সমান মজুরি পান না, এটা সত্য। কিন্তু সমান মজুরি আদায়ে নারী শ্রমিকেরা কোনো অভিযোগ করেননি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।