তাঁরা খোশগল্প করেন, ক্লাস নেন 'ভাড়াটে শিক্ষকেরা'
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে যান না। মাঝেমধ্যে গেলেও তাঁরা পাঠদান করেন না। তাঁরা বরং খোশগল্পে মেতে থাকেন বলে অভিযোগ উঠেছে। এই শিক্ষকেরা একজন কলেজছাত্রীসহ দুজনকে প্রতি মাসে কিছু টাকা দেন। এর বিনিময়ে ওই দুজনই পাঠদান করান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯১২ সালে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৯২ জন। শিক্ষকের পদ ছয়টি। এর মধ্যে দুটি শূন্য। অন্যরা হলেন: প্রধান শিক্ষক শাহিনা বেগম, সহকারী শিক্ষক সাবিনা আখতার, সুলতা কেরকেটা ও শাকিলা ইয়াছমিন। কিন্তু শাকিলা ২০১২ সালের জুন থেকে বিদ্যালয়ে আসেন না।
সরেজমিনে গত শনিবার বেলা ১১টার দিকে দেখা যায়, অফিসকক্ষে প্রধান শিক্ষক শাহিনা, সহকারী শিক্ষক সাবিনা ও সুলতা কেরকেটা গল্প করছেন। পাশের কক্ষে শিশু ও প্রথম শ্রেণির ক্লাস একসঙ্গে নিচ্ছেন শাকিলা বেগম নামের এক নারী। তিনি বলেন, ‘আমি স্থানীয় একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। প্রতিদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নিই। আমি শিক্ষক নই। এখানে পাঠদানের বিনিময়ে বিদ্যালয়ের তিন শিক্ষক মিলে মাসে আমাকে ১ হাজার ২০০ টাকা দেন।’
বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছে, প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। মাঝেমধ্যে এলেও অফিসকক্ষে বসে থাকেন। পড়ান না। এ ছাড়া তাদের প্রায়ই অশ্রাব্য ভাষায় গালাগাল করেন বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি বিদ্যালয়কক্ষের দুটি বৈদ্যুতিক ফ্যান খুলে নিয়ে গেছেন। বিদ্যালয়ের পরিত্যক্ত জানালা ও বেঞ্চের লোহা বিক্রি করে দিয়েছেন। ইউএনওর কাছে ৬ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাবিব লোহানী, তসরিফা বেগম, অভিভাবক মিন্টু লোহানী ও লোহানীপাড়া ইউপি সদস্য শামীম লোহানী।
কমিটির সভাপতি আলেক জান্ডার মণ্ডল অভিযোগ করেন, ‘ক্লাস নেওয়া হয় ভাড়া করা দুজনকে দিয়ে। বিষয়টি একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
অভিযোগ সম্পর্কে প্রধান শিক্ষক শাহিনা বলেন, ‘অফিশিয়াল কাজে ব্যস্ততার কারণে আমি ক্লাস নিতে পারি না। তবে অন্য শিক্ষকেরা ক্লাস নেন।’ ‘ভাড়াটে শিক্ষক’ সম্পর্কে বলেন, ‘তিনজন শিক্ষকের দ্বারা দুই শিফটে ক্লাস নেওয়া সম্ভব না হওয়ায় আমরা নিজেরা টাকা দিয়ে এ দুজনকে রেখেছি।’ বৈদ্যুতিক পাখা খুলে নেওয়াসহ অন্য অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ‘পরিচালনা কমিটির একটি পক্ষ শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’
সহকারী শিক্ষক সাবিনা আখতার ও সুলতা কেরকেটা দাবি করেন, তাঁরা নিয়মিত স্কুলে আসেন। প্রতিদিন ক্লাস নিয়ে কুলিয়ে উঠতে না পারায় টাকা দিয়ে দুজনকে রেখেছেন ক্লাস করাতে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘বিদ্যালয়ে কোনো ভাড়াটে শিক্ষক রাখার নিয়ম নেই। নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে গত আগস্ট থেকে প্রধান শিক্ষক শাহিনার মাসিক বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পত্র দিয়েছি। অন্য শিক্ষকদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’