তাঁরা থাকেন শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা আটজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। কিন্তু থাকেন জেলা ও উপজেলা শহরে। গত প্রায় পাঁচ বছর তাঁরা শহরে ‘আয়েশি’ জীবন যাপন করেছেন। নির্বাচন এসে পড়ায় তাঁরা আবার এলাকামুখী। লক্ষ্য ভোট ভাগে আনা। আবারও জয়লাভ করে শহরে থাকার ব্যবস্থা ‘পাকাপোক্ত’ করা।

এই আটজন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউপির বর্তমান চেয়ারম্যান।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা থাকায় একটি ছাড়া নান্দাইলের ১১টি ইউপিতে ২৩ এপ্রিল ভোট হবে। এর মধ্যে রাজগাতী ও খারুয়া ইউপির বর্তমান চেয়ারম্যান অসুস্থতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বাকি নয়টি ইউপির বর্তমান চেয়ারম্যানরা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে আটজন এলাকায় থাকেন না।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, চেয়ারম্যানদের মধ্যে মোয়াজ্জেমপুর ইউপির আবুল খায়ের, চণ্ডীপাশার এমদাদুল হক ভূঁইয়া, মুশুলির ইফতেখার উদ্দিন ভূঁইয়া ও সিংরইলের সাইফুল ইসলাম জেলা সদরে থাকেন। গাঙ্গাইলের সৈয়দ আশরাফুজ্জামান, আচারগাঁওয়ের রফিকুল ইসলাম, শেরপুরের মোয়াজ্জেম হোসেন ও জাহাঙ্গীরপুরের মোস্তফা কামাল উপজেলা সদরে বাস করেন। শুধু নান্দাইল সদর ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন এলাকায় থাকেন।

এলাকার অনেকে বলেন, ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সভা অথবা বড় কোনো সালিস বৈঠকে অংশ নেওয়া ছাড়া চেয়ারম্যানরা এলাকায় তেমন একটা আসেন না। নির্বাচন উপলক্ষে তাঁরা গ্রামে আসছেন। কেউ কেউ গ্রামে বসবাস করছেন। সাধারণ মানুষের কাঁধে হাত রাখছেন। তাঁদের বুকে জড়িয়ে ধরছেন।

গত শুক্রবার নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে কথা হয় শেরপুর ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সঙ্গে। তিনি মেরাকোনা গ্রামের বাসিন্দা। পাঁচ বছর ধরে নান্দাইল পৌর শহরে বাসা ভাড়া নিয়ে বাস করছেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রাম ছেড়ে সদরে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তাঁকে সদরে থাকতে হয়। তবে সদরে রাত কাটালেও সকাল থেকে সারা দিন তিনি এলাকায় কাটান।

জাহাঙ্গীরপুর ইউপির বটপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘নির্বাচনের সময় প্রার্থীরা ভোটারদের পেছনে দৌড়ান। পরে চেয়ারম্যান-মেম্বারদের পেছনে ভোটারদের দৌড়াতে হয়। এভাবেই তো চলছে।’

মুঠোফোনে জাহাঙ্গীরপুর ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘আমি মাঝেমধ্যে গ্রামের বাড়িতে গিয়েও থাকি। মানুষের কথা ভাবি বলেই ভোটাররা আমাকে দুবার নির্বাচিত করেছেন। এবারও আমি প্রতিদ্বন্দ্বিতা করছি।’

মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের মুঠেফোনে গত রোববার রাতে যোগাযোগ করলে তা ধরেন মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তি। তিনি বলেন, আবুল খায়ের অসুস্থ। কারও সঙ্গে কথা বলতে চিকিৎসক নিষেধ করেছেন।

 আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকে নান্দাইল সদরে বসবাস করেন। ইউনিয়নের লোকজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য বাসার সঙ্গে একটি ঘর ভাড়া নিয়েছেন। সিংরইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, তিনি কিশোরগঞ্জ শহরে বসবাস করেন। এখন নির্বাচনী প্রচারণায় সুবিধার জন্য গ্রামের বাড়িতে থাকছেন।

ইউএনও মোহাম্মাদ শাহানুর আলম বলেন, জনপ্রতিনিধিরা সরকারের অংশ। সময়সূচি মেনে তাঁরা সরকারি দায়িত্ব পালন করলে তৃণমূল পর্যায়ের মানুষ সরকারি কর্মকর্তাদের দ্বারা নানা বিষয়ে সরাসরি পরামর্শ পেতে পারেন। যেসব এলাকায় এই পদ্ধতি কার্যকর রয়েছে, সেসব এলাকা অনেক অগ্রসর। তাঁর দৃষ্টিতে নান্দাইল এ ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে।