তাঁরা থাকেন শহরে ভোট চাইতে গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট হবে ৩১ মার্চ। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৫৭ জন। তাঁদের মধ্যে ১৭ জন বগুড়া শহরসহ বিভিন্ন স্থানে বসবাস করেন। কিন্তু ভোট চাইতে এখন গ্রামে গ্রামে ঘুরছেন।
এসব শহুরে প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীই বেশি। উপজেলার অন্তত ১৫ জন ভোটার প্রথম আলোকে বলেন, এই প্রার্থীরা নির্বাচন শেষে আবার শহরে চলে যাবেন।
ভোটাররা বলেন, উপজেলার ময়দানহাটা ইউপির আওয়ামী লীগ প্রার্থী এস এম রূপম থাকেন বগুড়া শহরের কাছে ঠেঙ্গামারা এলাকায় এবং বিএনপি প্রার্থী মাহবুব আলম থাকেন বগুড়া শহরে। কিচক ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল কাদির থাকেন বগুড়া শহরে, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সামছুল ইসলামও একই শহরের বসবাস করেন। বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আফসার আলী থাকেন শিবগঞ্জ শহরে। আটমূল ইউপির আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরওয়ার বগুড়া শহরে, বিএনপির মীর মুনছুর রহমান শিবগঞ্জ শহরে, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোজাফ্ফর হোসেন বগুড়া শহরে বসবাস করেন। পিরব ইউপির আওয়ামী লীগের আবদুল করিম ও বিএনপির সফিকুল ইসলাম বসবাস করেন বগুড়া শহরে। মাঝিহট্ট ইউপির আওয়ামী লীগের ছামছুল হক ফকির ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মীর্জা গোলাম হাফিজও বগুড়া শহরে থাকেন। বিহার ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মহিদুল ইসলাম ও বিএনপির শরিফুল ইসলাম সরকার বসবাস করেন বগুড়া শহরে। সৈয়দপুর ইউপির আওয়ামী লীগ প্রার্থী ইফতেখার মুনীমও থাকেন বগুড়া শহরে। মোকামতলা ইউপির স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন থাকেন ঢাকায়। রায়নগরের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ থাকেন বগুড়া শহরে।
উপজেলার সিহালী গ্রামের ভোটার গৃহবধূ তানজিলা বেগম বলেন, ভোট এলেই প্রার্থীরা এলাকায় সব সময় থাকার কথা বলে ভোট চান। কিন্তু ভোট চলে গেলে তাঁরা দ্রুত সেই কথা ভুলে যান। চলে যান শহরে।
একই ইউপির আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘এখানকার যোগাযোগব্যবস্থা ভালো। মাত্র ৪০ মিনিটের পথ। আমি শুধু রাতে থাকার জন্য শহরে আসি। দিন হলেই এলাকার মানুষের কাছে ছুটে যাই।’
পিরব ইউপির বিএনপির প্রার্থী সফিকুল ইসলাম বলেন, ‘যেখানেই থাকি, সব সময়ই এলাকাবাসীর পাশে আছি। নির্বাচিত হলে প্রয়োজনে একেবারে গ্রামেই থেকে যাব।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে যাঁরা শহরে থাকেন, তাঁরা মূলত সন্তানের লেখাপড়া বা ব্যবসা-বাণিজ্যের জন্য থাকেন। তবে তাঁরা যেখানেই থাকুন না কেন, এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখেন। তা ছাড়া এখন ডিজিটাল যুগ। মুঠোফোনে মুহূর্তে অনেক কাজ সেরে ফেলা যায়।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘বিএনপির যেসব প্রার্থী শহরে থাকেন, তাঁরা এলাকায় জনপ্রিয়, দলেও পরীক্ষিত। এ ছাড়া তাঁরা যেখানেই বসবাস করুক না কেন, এলাকাবাসীর পাশে থাকেন সব সময়।’