তাঁরা দুজন বাংলাদেশের বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলেন কনেট ও পল কনেট
এলেন কনেট ও পল কনেট

পৃথিবীর অনেক দেশ খুব একটা কষ্ট না করেই শাসকদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মানুষকে স্বাধীনতা কেউ দিয়ে দেয়নি। লাখো মানুষ রক্ত দিয়েছেন, বীরের মতো যুদ্ধ করেছেন। তবেই এ দেশ স্বাধীন হয়েছে। কাজেই বাংলাদেশ সারা পৃথিবীতে গর্ব করতে পারে।

প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন পল কনেট ও এলেন কনেট। ব্রিটিশ এই দম্পতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধু হিসেবে এবার সম্মাননা পেয়েছেন। আজ শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে তাঁরা দুজন মুক্তিযুদ্ধ নিয়ে তাঁদের অভিজ্ঞতা এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ জাদুঘর এক অনুষ্ঠানের আয়োজন করে।

পল কনেট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক। তিনি ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনেও জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকে সমর্থন এবং বাংলাদেশে খাদ্যসামগ্রী ও ওষুধপত্র পাঠানোর জন্য তিনি ‘অপারেশন ওমেগা’ নামে একটি সংস্থা করেন। লন্ডনের ক্যামডেন এলাকায় তাঁরা অ্যাকশন বাংলাদেশ নামে একটি কার্যালয় খোলেন। পাকিস্তানি সামরিক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বাংলাদেশেকে স্বীকৃতি দেওয়ার জন্য জনমত গঠন করতে ১ আগস্ট লন্ডনের ট্রাফালগার স্কয়ারে এক বিশাল জনসভার আয়োজন করেন তাঁরা।

পলের সঙ্গে তাঁর স্ত্রী এলেন কনেটও বাংলাদেশে এসেছিলেন। তিনিও অপারেশন ওমেগা ও অ্যাকশন বাংলাদেশের জন্য কাজ করতেন। ট্রাফালগার স্কয়ারে বিশাল জমায়েত শেষে একটি অ্যাম্বুলেন্স নিয়ে কনেট ভারতে আসেন। সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন। কিন্তু পাকিস্তানি বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। পরে পাকিস্তানের সামরিক আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি মুক্তি পান।

মুক্তিযুদ্ধের সেইসব অভিজ্ঞতা বর্ণনা করে পল বলেন, ‘বাংলাদেশে আমি যখন আসি আমার মনে হয় এটি যেন অসাধারণ একটি চিত্রকর্ম। এটি শান্তির একটি দেশ। বাংলাদেশের যা অর্জন আছে পৃথিবীর খুব দেশেরই সেসব অর্জন আছে। এভাবে মুক্তিযুদ্ধ করে কয়টি দেশ স্বাধীন হতে পেরেছে?’

এলেন কনেট বলেন, ‘বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রম করতে পারে। তাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে। এই দেশ এগোবেই।’ যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এই দম্পতি বলেন, ‘ন্যায়বিচার হতেই হবে। খারাপ লোকদের শাস্তি হতেই হবে।’

১৯৭০ সালে বিয়ে করেছিলেন এই দম্পতি। পরের বছরই তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হন। দেশ স্বাধীন হওয়ার পরপর এই দম্পতির একটি পুত্র সন্তান জন্ম হয়। বঙ্গবন্ধুর নামের সঙ্গে মিলিয়ে তারা ছেলের নাম রাখেন পিটার উইলিয়াম মুজিব কনেট। আর এভাবেই পল ও কনেট দম্পতি তাদের পরম্পরায় বহন করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি।