তাঁরা দুজনও মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান গত রবি ও গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলেন মাঠে। মিছিল, গণসংযোগ আর পথসভায় কেটেছে সময়।
বিকেলে বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী ১৮-দলীয় জোটের মিছিল ও সভায় তৎপর হন।
আওয়ামী লীগ সূত্র জানায়, হরতালের প্রথম দিন বেলা ১১টা থেকে একটা পর্যন্ত কর্মীদের সঙ্গে মাঠে তৎপর ছিলেন বদরউদ্দিন আহমদ। দলীয় সভা, মিছিল ও কোথাও সহিংসতা হলে মোটরসাইকেলযোগে তিনি ঘটনাস্থলে যান।
গতকাল সোমবারও একইভাবে নগরের কোর্ট পয়েন্টে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দেখা গেছে তাঁকে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বদরউদ্দিন আহমদ ছাড়াও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক প্রমুখ বক্তব্য দেন।
বদরউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করে আলোচনার প্রস্তাব দিয়ে মহানুভবতা দেখিয়েছেন। কিন্তু খালেদা জিয়া হরতালের নামে সহিংসতার পথ বেছে নিয়েছেন। তাঁর এই হীন ষড়যন্ত্র সফল হবে না।
অপরদিকে মেয়র আরিফুল হক চৌধুরীকে গত শনিবার কোর্ট পয়েন্টের সমাবেশ থেকে তৎপর দেখা গেছে। হরতালের প্রথম দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কোর্ট পয়েন্টে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান নেন তিনি। গতকাল বিকেলে কোর্ট পয়েন্টে ১৮-দলীয় জোটের মিছিল শেষে সমাবেশ হয়। সেখানে মেয়র আরিফুল হক উপস্থিত হওয়ামাত্র নেতা-কর্মীরা মিছিলে মিছিলে সরব হয়ে ওঠেন।
নগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী, নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সায়েফ আহমদ, নগর বিএনপির সহসভাপতি বদরুজ্জামানসহ ১৮ দলের অঙ্গ ও সহেযাগী সংগঠনের নেতারা।
হরতালে ব্যস্ত সময় কাটানো প্রসঙ্গে মেয়র প্রথম আলোকে বলেন, ‘অবাধ-সুষ্ঠু নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব নয় বলে দাবি আদায়ে রাজনৈতিকভাবে তৎপর রয়েছি।’