তাঁরা দেশে তৃতীয় শক্তি আনতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর তীব্র সমালোচনা করে তাঁদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জেলহত্যা দিবস উপলক্ষে দুটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা আওয়ামী লীগের সমালোচনা করে দেশে তৃতীয় শক্তি আনতে চান। তাঁরা গণতন্ত্রের শত্রু, ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতক। বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তখন এর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেননি ড. কামাল হোসেন। ব্যারিস্টার মইনুল হোসেন সমর্থন জানিয়েছিলেন খন্দকার মোশতাককে। আর লাভের লোভে জিয়াউর রহমানের স্বৈরতন্ত্রে যোগ দিয়েছিলেন বদরুদ্দোজা চৌধুরী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন আয়োজিত ওই অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাংসদ তানভীর শাকিল, মাহবুব উদ্দিন বীর বিক্রম, সাবেক পুলিশ কর্মকর্তা মতিউর রহমান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশনের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, বিএনপি ও চারদলীয় জোট সরকার জেলহত্যার অনেক প্রমাণ নষ্ট করেছে। এ সময় স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।