তাঁরা দোষী না চক্রান্তের শিকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সীরহাট বাজার থেকে এক পুলিশ সদস্যসহ দুই ব্যক্তিকে আটক ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। ওই মাইক্রোবাসে তল্লাশি করে একটি খেলনা পিস্তল ও ১৫টি ইয়াবাবড়ি পাওয়া গেছে বলে পুলিশ জানায়। তবে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, একটি চক্র মাইক্রোবাসের মালিককে ফাঁসানোর জন্য গাড়িতে ইয়াবা রেখেছে।

আটক হওয়া পুলিশ সদস্যের নাম জিয়া উদ্দিন। তিনি পুলিশের ফেনীর সোনাগাজী সার্কেল কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামে। অপর ব্যক্তি নাম আবু সুফিয়ান। তিনি পাশের বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী। তাঁরা দুজন আত্মীয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ছমিরমুন্সীরহাট বাজারের সড়কে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস আটক করে সেনবাগ থানার একদল পুলিশ। তখন গাড়িতে কোনো যাত্রী ছিল না। পরে আবু সুফিয়ান ও জিয়া উদ্দিন মাইক্রোবাসটি তাঁদের বলে দাবি করেন। এ সময় পুলিশ তাঁদের উপস্থিতিতে মাইক্রোবাসটি তল্লাশি করে ভেতর থেকে একটি খেলনা পিস্তল ও ১৫টি ইয়াবাবড়ি উদ্ধার করে। তখন জিয়া উদ্দিন নিজেকে পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ আবু সুফিয়ান ও জিয়া উদ্দিনকে মাইক্রোবাসসহ থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরীর ভাষ্য, ভোররাতে মাইক্রোবাসে ইয়াবার একটি বড় চালান সেনবাগ হয়ে নোয়াখালী ঢুকবে পুলিশের কাছে এমন তথ্য ছিল। সে কারণে ছমিরমুন্সীরহাট বাজারে দাঁড় করিয়ে রাখা মাইক্রোবাসটি দেখে পুলিশের টহল দলের সন্দেহ হয়। তবে আটকের পর গাড়ির মালিক জানিয়েছেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি মঙ্গলবার রাতে তাঁর কাছ থেকে গাড়িটি ব্যবহারের জন্য নিয়েছিল। তাঁরাই রাতে ছমিরমুন্সীরহাট বাজারে গাড়িটি রেখে যান।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আবু সুফিয়ানের গাড়িতে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ওই চক্রের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। সুফিয়ান ও পুলিশ সদস্য জিয়া উদ্দিনকে ছেড়ে দেওয়া হবে। তবে জিয়া উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।