তাঁরা নেই, তবু আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>• বইমেলাতে দুই ছুটির দিনে দুই রকমের পরিবেশ।
• শনিবার গ্রন্থানুরাগীদের উপস্থিতি ছিল যথেষ্ট।
• সব স্টল, প্যাভিলিয়ন চালু হয়েছে।
• বিক্রি হয়েছে মোটামুটি।

শুক্র, শনি—দুই ছুটির দিনে দুই রকমের মেজাজ। শুক্রবার মন্থর, শনিবারে ঠিক তেমন নয়। অনেক অফিস-কারখানাতেই কাজকর্ম চলে, স্কুল-কলেজ খোলা থাকে। ফলে গতিময়তা থাকে নগরজীবনে। বইমেলাতেও দুই ছুটির দিনে দুই রকমের পরিবেশ। শুক্রবারের মতো তুমুল ভিড় গতকাল ছিল না বটে, তবে গ্রন্থানুরাগীদের উপস্থিতি ছিল যথেষ্ট। বিক্রিও হয়েছে মোটামুটি।

সব স্টল, প্যাভিলিয়ন চালু হয়েছে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের পাঁচ লাখ বর্গফুট জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে সেগুলো। কিছু কিছু স্থাপনা দেখে চোখ জুড়িয়ে যায়, তো কোনোটির দিকে তাকালে বুকে ব্যথা জাগে। পৃথিবী ছেড়ে চলে যাওয়া প্রিয় লেখকের মুখচ্ছবি সেখানে। স্মৃতি ভর করে। এই মানুষগুলোই তো নিয়মিত মেলায় বিচরণ করতেন। আসতেন বাংলা একাডেমির অনুষ্ঠানে। সেমিনারে, আড্ডায় মেতে উঠতেন। আজ তাঁরা নেই। তবে তাঁদের কাজ অনেক স্টল ও প্যাভিলিয়ন থেকে আলো ছড়াচ্ছে। ক্রেতারা খুঁজছেন তাঁদের বই।

এই তো কিছুদিন আগে চলে গেলেন কথাশিল্পী শওকত আলী। বেশ কয়েকটি প্রকাশনার স্টলে তাঁর মুখচ্ছবি। গতকাল মেলায় এল তাঁর উপন্যাস শুধু কাহিনি। সোহরাওয়ার্দী উদ্যানের এক পাশে ইন্তামিন প্রকাশনের ছোট্ট স্টলে। প্রকাশক এ এস এম ইউনুছ জানালেন, পুরোনো ঢাকায় দীর্ঘদিন শওকত আলীর প্রতিবেশী ছিলেন। সেই সুবাদে বইটি ছাপানোর অনুমতি পেয়েছেন তিনি।

কথা প্রকাশের প্যাভিলিয়নে যেন জড়িয়ে আছেন নিসর্গী দ্বিজেন শর্মা। চারপাশে ছোট ছোট গাছ। অন্যপ্রকাশ, সময়, কাকলী, অনুপম, সুবর্ণ প্রভৃতি প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে বরাবরের মতো হ‌ুমায়ূন আহমেদের উপস্থিতি। পুরোনো বইগুলো নানাভাবে সংকলন, সমগ্র আকারে নিয়ে এসেছে তারা।

গতকালের মেলা

গতকাল ছিল মেলার দ্বিতীয় শিশুপ্রহর। প্রথমার্ধের শিশুপ্রহরে শিশুরাই ছিল বইয়ের মূল ক্রেতা। সকাল থেকেই কচি প্রাণের কলরবে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক পাঞ্জেরি পাবলিকেশন্সের কর্ণধার কামরুল হাসান বলেন, ‘শিশুদের আকর্ষণ বেশি থাকে রঙিন বইয়ের দিকে। তবে বয়সভেদে চাহিদা দ্রুত পরিবর্তন হয়। আমরা বয়স ভাগ করে বই বের করছি। কমিকসগুলো চলছে বেশ।’

মেলার তথ্যকেন্দ্রের তথ্যানুযায়ী, গতকাল মেলার চতুর্থ দিনে প্রকাশিত হয়েছে ১২০টি নতুন বই। এর মধ্যে প্রথমা প্রকাশন এনেছে সালেহীন শিপ্রার কবিতার বই প্রকাশ্য হওয়ার আগে। অ্যাডর্ন পাবলিকেন্স এনেছে মাহবুবুল হাসান সম্পাদিত চট্টগ্রামী বাংলা-ইংরেজি অভিধান।