তাঁরা পরীক্ষা দিতে পারলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত থেকে আট ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী পদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৩ জন। গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে এসে তাঁরা বলেছেন, নানা কারণে নির্দিষ্ট তারিখে পরীক্ষা দিতে না পেরে তাঁরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কর্মকর্তারা গতকাল তাঁদের আসতে বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাঁদের পরীক্ষা নেয়নি।তাঁদের অর্ধেকের বেশি এইচএসসি পরীক্ষার্থী। তাঁরা বলেন, মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে চিঠি বা কার্ড পাঠালে এই জটিলতা দেখা দিত না। অনেকের পক্ষেই পত্রিকা বা ইন্টারনেট ঘেঁটে মৌখিক পরীক্ষার তারিখ বের করা সম্ভব হয়নি।মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে আসা শাপলা আক্তার জানান, ৭ এপ্রিল এইচএসসি পরীক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মৌখিক পরীক্ষা পড়ে যাওয়ায় তিনি মহাপরিচালক বরাবর লিখিত আবেদন জানান পরীক্ষাটি পরে নেওয়ার জন্য। মহাপরিচালক ও পরিচালকের (প্রশাসন) পরামর্শে তিনি মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন।অপর এক পরীক্ষার্থী প্রভাতী রানী রায় বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না, জানতে এসে দেখেন, মৌখিক পরীক্ষার তারিখ চলে গেছে। সন্ধ্যা পর্যন্ত অধিদপ্তরের সামনে দাঁড়িয়ে থেকে ফেরার লঞ্চ ধরতে পারেননি।পরীক্ষা কমিটির প্রধান মো. মাহবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লিখিত পরীক্ষার পর জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো কার্ড ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষা নেওয়া হবে এমন প্রতিশ্রুতি কাউকে দেওয়া হয়নি।