তাঁরা ফিরে গেলেন শৈশবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উদ্যাপন এবং প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বেলুন উড়িয়ে উদ্বোধন করেন (ডান থেকে) মেজর জেনারেল (অব.) জামিল উদ্দিন আহসান, ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি জাকারিয়া মিলন, সাবেক রাষ্ট্রদূত মনিরুজ্জামান, সাবেক সাংসদ খালেদুর রহমান ও আইনজীবী তৌহিদুর রহমান । ছবি: প্রথম আলো
যশোর জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উদ্যাপন এবং প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বেলুন উড়িয়ে উদ্বোধন করেন (ডান থেকে) মেজর জেনারেল (অব.) জামিল উদ্দিন আহসান, ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি জাকারিয়া মিলন, সাবেক রাষ্ট্রদূত মনিরুজ্জামান, সাবেক সাংসদ খালেদুর রহমান ও আইনজীবী তৌহিদুর রহমান । ছবি: প্রথম আলো

“তোর বাড়িতে তো অনেক লিচুগাছ, অন্যের গাছ থেকে লিচু চুরি করিস ক্যান?” পণ্ডিত স্যার বেত্রাঘাত করতেন, পরে আবার আদর করে ডেকে বলতেন, “বেশি লাগেনি তো।” স্যারদের প্রতি ছিল আমাদের অগাধ শ্রদ্ধা। মাঝেমধ্যে ফুলের মালা নিয়ে প্রত্যেক স্যারের গলায় দিতাম।’
যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী এসব কথা বলেন। ১৯৪২ সালে তিনি যশোর জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। ১৮৩৮ সালে যশোর জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়। নবীন-প্রবীণ এক প্রাণ—স্লোগান সামনে রেখে যশোর জিলা স্কুলের ১৭৫ বছর উদ্যাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপী মিলনমেলার আয়োজন করা হয়েছে। ১৭৫টি বেলুন উড়িয়ে এবং ২৫ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্মৃতিচারণা করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে প্রবীণ ব্যক্তি স্কুলের ১৯৪১ সালের ব্যাচের নূরুল হুদা বলেন, ‘এ স্কুলে আমার বাবা পড়েছেন, আমি পড়েছি, আমার ছেলে পড়েছে, এখন পড়ছে আমার পুতাছেলে (নাতি)। আমরা চার পুরুষ এ স্কুলে পড়ালেখা করে গেলাম। এটি একটি বিরল ঘটনা।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্কুলের প্রাক্তন ছাত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া মিলন, সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান, সমিতির সভাপতি তসদিকুর রহমান, যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব, সাংবাদিক তৌহিদুর রহমান প্রমুখ।
শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সাংগঠনিক সম্পাদক এস নিয়াম মোহম্মদ।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত, সচিব, সেনা কর্মকর্তা, আইনজীবীসহ দেশের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত নয় শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। তাঁরা শৈশবের স্মৃতিচারণা আর দীর্ঘদিনের জমানো কথা বলে জমজমাট আড্ডায় মেতে ওঠেন।
অনুষ্ঠানের এক ফাঁকে www.jzsxa.com নামে সমিতির একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
সন্ধ্যায় আতশবাজি প্রজ্বালন করা হয়। সাংস্কৃতিক পর্বে ‘ব্যান্ড ইন সাইন্ড ইউ’ ও ক্লোজআপ ওয়ান তারকা কৌশিক খাঁ গান পরিবেশন করেন। আজ শনিবার সকাল থেকে রাত অবধি শোভাযাত্রা, স্মৃতিচারণা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।