তাঁরা বাংলাদেশের বন্ধু

পৃথিবীর অনেক দেশ খুব একটা কষ্ট না করেই শাসকদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা কেউ দিয়ে দেয়নি। লাখো মানুষ রক্ত দিয়ে, বীরের মতো যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। কাজেই বাংলাদেশ সারা পৃথিবীতে গর্ব করতে পারে।
কথাগুলো বলছিলেন পল কনেট ও এলেন কনেট। ব্রিটিশ এই দম্পতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধু হিসেবে এবার সম্মাননা পেয়েছেন। গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে তাঁরা দুজন মুক্তিযুদ্ধ নিয়ে তাঁদের অভিজ্ঞতা এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে।
পল কনেট কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। তিনি ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনেও জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকে সমর্থন ও বাংলাদেশের খাদ্যসামগ্রী ও ওষুধপত্র পাঠানোর জন্য তিনি ‘অপারেশন ওমেগা’ নামে একটি সংস্থা করেন। লন্ডনের ক্যামডেন এলাকায় তাঁরা ‘অ্যাকশন বাংলাদেশ’ নামে একটি কার্যালয় খোলেন। পাকিস্তানি সামরিক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য জনমত গঠন করতে ১ আগস্ট লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিশাল জনসভার আয়োজন করেন তাঁরা। এ ছাড়া বাংলাদেশে ত্রাণ কার্যক্রম চালাতে পল নিজেই চলে আসেন।
পলের সঙ্গে তাঁর স্ত্রী এলেন কনেটও বাংলাদেশে এসেছিলেন। তিনিও অপারেশন ওমেগা ও অ্যাকশন বাংলাদেশের জন্য কাজ করতেন। ট্রাফালগার স্কয়ারে বিশাল জমায়েত শেষে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এলেন ভারতে আসেন। সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢোকেন বাংলাদেশে। কিন্তু পাকিস্তানি বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। পরে পাকিস্তানের সামরিক আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি মুক্তি পান।
মুক্তিযুদ্ধের সেসব অভিজ্ঞতা বর্ণনা করে পল বলেন, ‘বাংলাদেশে এলে আমার মনে হয় এটি যেন অসাধারণ এক চিত্রকর্ম। বাংলাদেশের যা অর্জন, পৃথিবীর খুব কম দেশেরই সেসব অর্জন আছে।’
এলেন কনেট বলেন, ‘বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রম করতে পারে। তাদের সৃজনশীলতা আছে। এই দেশ এগোবেই।’ মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রসঙ্গে এই দম্পতি বলেন, ‘ন্যায়বিচার হতেই হবে। খারাপ লোকদের শাস্তি হতেই হবে।’
১৯৭০ সালে বিয়ে করেছিলেন এই দম্পতি। পরের বছরই তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর এই দম্পতির একটি পুত্রসন্তান হয়। বঙ্গবন্ধুর নামের সঙ্গে মিলিয়ে নাম রাখেন পিটার উইলিয়াম মুজিব কনেট। আর এভাবেই পল ও কনেট দম্পতি পরম্পরায় বহন করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি।