তাঁরা বুঝেছেন, ডুবন্ত নৌকায় উঠে কোনো লাভ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মতো দুই প্রবীণ রাজনীতিক বুঝতে পেরেছেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। তাঁরা তাঁদের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন, ডুবন্ত নৌকায় উঠে কোনো লাভ হবে না।’গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শিল্পী এফ এম আনিসের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাশেদ খান মেনন ও তোফায়েল আহমেদের সিদ্ধান্তে আমরা অভিনন্দন জানাই। তাঁদের এই সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে, এই ব্যর্থ সরকার জনগণের আস্থা হারিয়েছে।’সরকারের অবস্থা মুমূর্ষু: গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, বর্তমান সরকারের অবস্থা মুমূর্ষু রোগীর মতো। পরিস্থিতি টের পেয়েই ক্ষমতাসীন জোটের দুই নেতা মন্ত্রিত্ব নিতে রাজি হননি।হলমার্ক কেলেঙ্কারির শাস্তি ও অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বদেশ মঞ্চ নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।বিএনপি কাউকে জরিপ চালানোর অনুমতি দেয়নি: গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মাঠপর্যায়ে জরিপ চালানোর অনুমতি দেয়নি বিএনপি। এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে দলের নেতা-কর্মী ও দেশবাসীকে অনুরোধ জানান তিনি। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই করতে মাঠপর্যায়ে জরিপ চালানোর নামে বিভিন্ন জায়গায় প্রতারণার অভিযোগ উঠেছে। আবুল বাশার নামে এক ব্যক্তি প্রতারণা করে টাকা নেওয়ার সময় গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এলাকায় ধরা পড়েন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনটি ডাকা হয়।ঘুষ নেওয়ার অভিযোগ: গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুষের বিনিময়ে মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন।ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।