তাঁরা ব্যতিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী
আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী

ক্ষমতার পাঁচ বছরে অর্থ-সম্পদে ফুলে-ফেঁপে উঠেছেন ক্ষমতাসীন দলের অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ। কারও কারও সম্পদ বেড়েছে কয়েক হাজার গুণ। আবার ব্যতিক্রমও আছেন কেউ কেউ। যাঁদের মন্ত্রী-সাংসদ হিসেবে পারিতোষিকের বাইরে উল্লেখ করার মতো আয় বা সম্পদ বাড়েনি, বরং কারও কারও কমেছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার আয় ও সম্পদ বিবরণী পর্যালোচনা করে এমন অন্তত সাতজন মন্ত্রী-সাংসদ পাওয়া গেছে।
তাঁদের মধ্যে পাঁচ বছরের মাথায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বার্ষিক আয় দুই লাখ টাকা কমেছে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁর দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ২১ লাখ টাকা। আর এবার দশম সংসদ নির্বাচনের প্রাক্কালে দেওয়া হলফনামায় তাঁর বার্ষিক আয় বলা হয়েছে ১৮ লাখ ২২ হাজার টাকা।
আবুল মাল আবদুল মুহিত ২০০৮ সালে সিলেট-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পান। এবার একই আসনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। হলফনামা অনুযায়ী, ২০০৮ সালে পরামর্শক খাত ছিল তাঁর আয়ের মূল উৎস। আর এবার তাঁর আয়ের বড় অংশই এসেছে মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী বা ভাতা থেকে। এ বাবদ তাঁর বার্ষিক আয় হলো ১১ লাখ টাকা। এ ছাড়া শেয়ার বা সঞ্চয়পত্র থেকে সাড়ে ছয় লাখ ও অন্যান্য খাত থেকে ৭২ হাজার টাকা আয় করেছেন। অবশ্য শেয়ার বা সঞ্চয়পত্র খাত থেকে মন্ত্রী হওয়ার আগেও তাঁর আয় ছিল। ২০০৮ সালে মুহিতের মোট সম্পদ ছিল এক কোটি ১৪ লাখ টাকার। এখন তা এক কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

প্রয়াত স্বামীর রেখে যাওয়া সম্পদ নিজের নামে যোগ হওয়ায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর মোট সম্পদ ও আয় কিছুটা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মন্ত্রী হিসেবে পাওয়া সম্মানী। ২০০৮ সালে দেওয়া হলফনামা অনুযায়ী, তখন মতিয়া চৌধুরীর বার্ষিক আয় ছিল সাত লাখ ৪৯ হাজার ৩৫৯ টাকা। মূলত স্বামীর রেখে যাওয়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত ছিল ওই আয়ের উৎস। এখন সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় ৩৬ লাখ ৭৬ হাজার ৮৫৩ টাকা।

এবারের হলফনামায় মতিয়া চৌধুরীর আয়ের উৎস হিসেবে কৃষি থেকে ৪০ হাজার টাকা, বাড়িভাড়া থেকে ৫৬ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ২৭ লাখ ৯৩ হাজার ৪০৩ টাকা, মন্ত্রী হিসেবে বার্ষিক সম্মানী ছয় লাখ ৩৭ হাজার ২০০ টাকা উল্লেখ করেছেন। এ ছাড়া অন্যান্য উৎস থেকে আয় দেড় লাখ টাকা।

২০১৩ সালের নভেম্বরে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এখন বার্ষিক আয় ১৭ লাখ ৭২ হাজার ৩০০ টাকা। এর মধ্যে মন্ত্রী হিসেবে সম্মানী ১৭ লাখ ২২ হাজার টাকা, কৃষি খাতে আয় ৫০ হাজার টাকা। তাঁর ব্যাংকে জমাসহ অস্থাবর সম্পদ রয়েছে ৫৫ লাখ টাকার। স্ত্রীর নামে আছে পাঁচ লাখ টাকা। স্ত্রীর স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ৪৫ লাখ টাকা। এর মধ্যে প্রবাসী ভাইয়ের কাছ থেকে ঋণ করা ১০ লাখ টাকাও আছে।

এর আগে ২০০৮ সালের হিসাব অনুযায়ী, নুরুল ইসলাম নাহিদের বার্ষিক আয় ছিল তিন লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ২৫ হাজার, শেয়ার এক লাখ ৬০ হাজার, মৎস্য খাতে এক লাখ ৫০ হাজার, লেখক সম্মানী ৩৫ হাজার টাকা।

নুরুল ইসলাম নাহিদ ও জি এম কাদের
নুরুল ইসলাম নাহিদ ও জি এম কাদের

মন্ত্রী হিসেবে পাওয়া সম্মানী ছয় লাখ ৩৭ হাজার ২০০ টাকা ছাড়া আর কোনো আয় নেই বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের। তাঁর হলফনামায় এর বাইরে নির্ভরশীলদের আয় উল্লেখ করা হয়েছে চার লাখ ২১ হাজার ৩৩১ টাকা। এখন তাঁর নগদ টাকার পরিমাণ ১৮ লাখ, স্ত্রীর ৫৬ লাখ ৯৬ হাজার টাকা। আর তাঁর মোট সম্পত্তির আর্থিক মূল্য ৭৮ লাখ ৭৩ হাজার টাকা।
২০০৮ সালের হলফনামা অনুযায়ী, তখন জি এম কাদেরের মোট সম্পদের পরিমাণ ছিল ৯১ লাখ ২৩ হাজার ৪৬০ টাকা। তখন বাড়িভাড়া কয়েকটি খাতে তাঁর বার্ষিক আয় ছিল ছয় লাখ ৩৬ হাজার টাকা। সে সময় তাঁর নগদ অর্থের পরিমাণ ছিল ছয় লাখ ও স্ত্রীর পাঁচ লাখ টাকা।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, প্রথমবার সাংসদ হয়েছেন, এমন তরুণ সাংসদদের মধ্যে ব্যতিক্রম আছেন কেউ কেউ। এর মধ্যে ইকবালুর রহিম (দিনাজপুর-৩) অন্যতম। ২০০৮ সালে তাঁর বার্ষিক আয় দেখিয়েছিলেন (ব্যবসা থেকে) সাত লাখ ৫৩ হাজার টাকা। এ খাতের আয় পাঁচ বছরের মাথায় এসে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮২ হাজার টাকা। এ ছাড়া সাংসদ হিসেবে সম্মানী পেয়েছেন বছরে তিন লাখ ৩০ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে তিন লাখ ৬৫ হাজার টাকা। আর হলফনামা অনুযায়ী, এখন তাঁর কাছে ব্যবসায়িক পুঁজিসহ নগদ ২৬ লাখ টাকা আছে। স্ত্রীর কাছে আছে নগদ ২৭ হাজার টাকা।
পাঁচ বছর আগে ইকবালুর রহিমের ব্যাংকে জমা ছিল প্রায় ১১ লাখ টাকা। এখন কোনো জমা নেই। ২০০৮ সালে ব্যাংকঋণ ছিল প্রায় তিন লাখ টাকা, ২০১৩ সালে এসে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ছয় লাখ টাকা। নতুন হওয়া সম্পদের মধ্যে যোগ হয়েছে একটি অ্যাপার্টমেন্ট।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ আওয়ামী লীগের মোহাম্মদ ছায়েদুল হক গত পাঁচ বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। এ সময় তাঁর আয় তো বাড়েইনি, বরং কমেছে। স্থাবর সম্পত্তি আগে যা ছিল, তা-ই আছে।

মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মোহসীন আলীর ২০০৮ সালে কৃষি, বাড়িভাড়া ও ব্যবসায় থেকে বছরে দুই লাখ ৩০ হাজার টাকা আয় দেখিয়েছেন। এই আয় বছরে ১৩ হাজার টাকা বেড়েছে। পাঁচ বছর আগে তাঁর নগদ টাকা ছিল ১৪ লাখ, এখন তা হয়েছে ১৫ লাখ টাকা। ব্যাংকে জমা ছিল ২৭ হাজার টাকা, এখন তা হয়েছে আড়াই লাখ টাকা। কোনো স্থাবর সম্পত্তি বাড়েনি তাঁর।

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এমন যেসব মন্ত্রী বা সাংসদ আছেন, তাঁরা সবাই প্রশংসার দাবি রাখেন। সবাই যে স্বার্থসিদ্ধির জন্য কাজ করেন না, এঁরা তারই প্রমাণ।

 [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দিনাজপুর, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি]