>রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাতে নতুন পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের পরপরই প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। নতুন কমিশন সম্পর্কে তাঁদের প্রতিক্রিয়া তুলে ধরা হলো
নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে গতকাল সোমবার নতুন যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগকেই চেনেন না নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারপরও তাঁরা নৈতিক দায়িত্ব থেকে ভবিষ্যতে ভালো কাজ করবেন বলে নাগরিক সমাজের আশা।
নতুন নির্বাচন কমিশনারের বিষয়ে জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে তাঁরা খুব পরিচিত নন। তাঁদের কাছে প্রত্যাশা, তাঁরা ভালো কাজ করবেন।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন সুলতানা কামাল নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘একমাত্র মাহবুব তালুকদার ছাড়া এঁদের কাউকে আমি চিনি না। তারপরও আশা করি, তাঁরা সাহসের সঙ্গে, গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। কারণ এটা তাঁদের নৈতিক দায়িত্ব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন যাঁদের নিয়ে গঠন করা হয়েছে, তাঁরা সবাই বিখ্যাত বা গুরুদায়িত্ব পালন করেছেন বলে মনে হয় না। তারপরও আমরা চাই তাঁরা ভালো করুন। কিন্তু বর্তমানে যে স্ট্রাকচার, তাতে ভালো নির্বাচন করা কঠিন।’
উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির গঠিত অনুসন্ধান কমিটি সুশীল সমাজের যে ১৬ জন প্রতিনিধির সঙ্গে কথা বলেছিল তাঁদের মধ্যে এই ৩ জনও ছিলেন।