তাঁরা মহাজোটের ‘একমাত্র প্রার্থী’
‘আমিই মহাজোটের একমাত্র প্রার্থী। আমাকে আপনারা ভোট দিয়ে পৌরবাসীর সেবা করার সুযোগ দিন।’ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ ধরনের অভিন্ন কথা ভোটারদের বলছেন জকিগঞ্জ পৌরসভার তিন মেয়র পদপ্রার্থী।তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাফিজ ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালিক। তিন প্রার্থীই ভোটারদের কাছে নিজেদের মহাজোট-সমর্থিত ‘একমাত্র প্রার্থী’ বলে দাবি করছেন।একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে তিনজন প্রার্থী থাকায় সাধারণ ভোটাররা বিপাকে রয়েছেন। এ ছাড়া সব প্রার্থী নিজেদের মহাজোট-সমর্থিত প্রার্থী ঘোষণা করায় অবস্থা আরও লেজেগোবরে রূপ নিয়েছে। কোন প্রার্থীর চেয়ে কে ভালো—এ নিয়ে মহাজোট-সমর্থিত ভোটারদের মধ্যেও চলছে তুমুল কথার লড়াই।প্রার্থী আবদুল খালিক বলেন, ‘মহাজোটের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে জকিগঞ্জ পৌরসভায় একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় কেন্দ্রীয় নেতাদের বরাত দিয়ে সংবাদটি প্রকাশিতও হয়েছে। তাই কে প্রার্থী, এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না।’আবদুল হাফিজ বলেন, ‘পাঁচ বছর ধরে নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে পৌরসভার বিভিন্ন জায়গায় চষে বেড়িয়েছি। আমি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পৌরসভায় আমিই দলের ও মহাজোটের প্রার্থী। অন্যরা উড়ে এসে জুড়ে বসবেন, তা তো হবে না। দলের সম্পূর্ণ সমর্থন নিয়েই আমি প্রার্থী হয়েছি।’আনোয়ার হোসেন বলেন, ‘আমি ছাড়া বাকি দুই প্রার্থী ভুয়া। বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টির জন্য অন্যরা মহাজোটের প্রার্থী বলে নিজেদের দাবি করছেন। আমি হচ্ছি দলের ও মহাজোটের একমাত্র প্রার্থী। আসলে পার্টি-টার্টি না, মূল কথা হচ্ছে, ওঁরা নির্বাচনপাগল মানুষ! তাই সমর্থন থাকুক বা না থাকুক, নির্বাচনে দাঁড়িয়ে গেছেন।’