তাঁরা মুক্তিযোদ্ধা হতে চান
মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত হতে অনলাইনে আবেদন পাঠানোর শেষ দিন ছিল ২ নভেম্বর। ওই দিন বেলা ১১টার দিকে বেড়া পৌর শহরের একটি কম্পিউটার-ইন্টারনেট সার্ভিসের দোকানে দেখা যায়, আট-দশজনের ভিড়। তাঁরা এসেছিলেন অনলাইনে মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত হওয়ার আবেদন পাঠাতে।
ওই সময় অনলাইনে আবেদনের ফরম পূরণ করা হচ্ছিল উপজেলার রাকশা গ্রামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের। তাঁর কাজ শেষ হতেই সারিতে থাকা আরেক ব্যক্তি বসে যান ফরম পূরণ করতে। এরই মধ্যে অনলাইনে পাঠানো আবেদনপত্রের প্রিন্ট কপি নিয়ে দোকানের বাইরে আসেন সেই বৃদ্ধ। চোখে-মুখে খুশির ছাপ। জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না কইর্যাও অনেকে মুক্তিযোদ্ধার খাতায় নাম উঠাইছে। আর আমি তো সেই সময় মুক্তিযোদ্ধাগরে সহায়তা করছি। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পালি শেষ বয়সে শান্তি পাইত্যাম।’
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ওয়েবসাইট ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা যায়, তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নিবন্ধিত হওয়ার জন্য জামুকা অনলাইনে আবেদনপত্র আহ্বান করে। মাস দুয়েক আগে আবেদনপত্র পাঠানো শুরু হয়। ২ নভেম্বর তা শেষ হয়। এই সময়ের মধ্যে বেড়া উপজেলার ছয় শতাধিক ব্যক্তি নিজের অথবা তাঁর অভিভাবকের মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত হওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে।
বেড়া পৌর শহরের রতন কম্পিউটার্সের মালিক ও অপারেটর রতন কুমার বলেন, ‘মাস খানেকের মধ্যে আমার দোকান থেকে দেড় শতাধিক ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত হওয়ার আবেদন করেছেন।’
পৌর এলাকার বৃশালিখা মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা জানে আলম বলেন, ‘গত ঈদের আগে জামুকার এক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জেনেছি, ওই সময়ের মধ্যে বেড়া উপজেলার সাড়ে চার শতাধিক ব্যক্তি নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেছেন। সে হিসেবে আবেদনপত্র পাঠানোর শেষ দিন পর্যন্ত এ উপজেলা থেকে ছয় শতাধিক ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত হওয়ার আবেদন করেছেন বলে মনে হচ্ছে। আমার দেখা আবেদনকারীদের বেশির ভাগই ভুয়া।’
খোঁজ নিয়ে জানা যায়, আবেদনপত্র পূরণের সময় মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পক্ষে কোনো প্রমাণ থাকলে তা টিক চিহ্নের মাধ্যমে দেখাতে বলা হয়। কম্পিউটার-ইন্টারনেট সার্ভিসের দোকান মালিকেরা জানান, বেশির ভাগ আবেদনকারীই জোরালো প্রমাণ দেখাতে পারেননি। তবে সব আবেদনকারীই তিনজন সহযোদ্ধার প্রত্যয়নপত্র আছে—এমন ঘরে টিক চিহ্ন দিয়েছেন।
একটি কম্পিউটার-ইন্টারনেট সার্ভিসের দোকানে কথা হয় পৌর এলাকার কলেজপড়ুয়া এক ছাত্রের সঙ্গে। তিনি জানান, বাবার জন্য আবেদন করতে এসেছেন। তাঁর বাবা প্রকৃত মুক্তিযোদ্ধা কি না জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘অনেকেই আবেদন করছে। তাই বাবার জন্য আমিও করছি।’ তিনজন মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্রসহ মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সপক্ষের কাগজপত্র সংগ্রহের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘এমনিতেই মুক্তিযোদ্ধাদের তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা ঢুকে গেছে। এর ওপর মুক্তিযোদ্ধা হওয়ার জন্য যেভাবে আবেদনের হিড়িক পড়েছে তাতে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেই এখন লজ্জা লাগে।’
বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসাহাক আলী বলেন, ‘আবেদন করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। অনেক যাচাই-বাছাই ও প্রমাণ সংগ্রহের পর প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই হবে।’