তাঁরা মুক্তির স্বপ্নকে বাস্তব করার কাজ করেছেন
তাঁদের অনেক কাজ দৃশ্যমান ছিল, আবার অনেকের কাজ ছিল অদৃশ্যমান। সব কাজের মধ্যে যেটা ছিল, সেটা হলো তাঁরা প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে এবং গভীর ভালোবাসা নিয়ে এ দেশের মানুষের মুক্তির স্বপ্নকে বাস্তব করে তোলার ক্ষেত্রে কাজ করে গেছেন। বিশিষ্ট আটজন ব্যক্তিকে স্মরণ করে আয়োজিত সংহতি সভায় এমনই অভিব্যক্তি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের।
গতকাল রাজধানীতে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ‘প্রিয় সাথি প্রয়াণে শোক সংহতি’ সভার আয়োজন করে। সদ্য প্রয়াত চক্ষুবিশেষজ্ঞ সাইদুর রহমান, প্রকৌশলী আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা এম এ আজিজ, শ্রমিকনেতা নওয়াব আলী, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ, শ্রমিকনেত্রী নাছিমা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নাসের ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নাজমুল হাসানের স্মরণে এ সংহতি সভা অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘদিনের সহকর্মী ও পরিবারের সদস্যরা প্রয়াত ব্যক্তিদের স্মৃতি রোমন্থন করেন।
সাংবাদিক আলতাফ মাহমুদকে স্মরণ করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর বলেন, ‘সাংবাদিকদের কাছে আলতাফ মাহমুদ ছিলেন নিবেদিতপ্রাণ ও উদাহরণ। তিনি মানুষকে কষ্ট দেওয়া পছন্দ করতেন না।’
চিকিৎসক সাইদুর রহমানকে স্মরণ করে তাঁর সহকর্মী চিকিৎসক রশিদী মাহবুব বলেন, ‘বিভিন্ন সেক্টরে সাইদুর রহমান সাহেবের অবদান ছিল অসামান্য। তাঁদের জীবন মনে রাখলে, আমাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা কম হবে।’
এম এ আজিজকে স্মরণ করে তাঁর ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ বলেন, ‘বাবার প্রতিটি কাজের আমি অর্থ খুঁজে পেতাম। মৃত্যুর ঠিক আগের দিন রাতে আমাকে বলে যান, সহজ-সরলভাবে মানুষের সঙ্গে মিশবে। উপকার না করতে পারলেও বিপদ-আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। বাবার এ ধরনের উপদেশ ছেলের জন্য বড় পাওয়া।’
‘সারা জীবন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ছিলেন সদা হাস্যোজ্জ্বল মানুষ। দাম্পত্য জীবনে আমাদের কখনো কলহ হয়নি।’ স্বামী সম্পর্কে এমন স্মৃতি রোমন্থন করেছেন প্রকৌশলী আবুল কাসেমের স্ত্রী বিলকিস বানু।
মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্তের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আইয়ুব আলী খান প্রমুখ।