তাঁরা যখন মর্গে...

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিথর শুয়ে আছেন তাঁরা দুজন। এর মধ্যে একজন নিরাপত্তাকর্মী, অন্যজন দিনমজুর। আর মর্গের সামনে তখন ছিল স্বজনদের ভিড়। কান্নার রোল। গতকাল শুক্রবার দুপুরের দৃশ্য এটি।
নিহত নিরাপত্তাকর্মীর নাম রাকিব হাসান (২২)। বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামে। পাঁচ ভাইবোনের মধ্যে ছিলেন সবার ছোট। রাজধানীর তেজগাঁওয়ের জাহাঙ্গীর গেট এলাকার স্বাধীনতা টাওয়ারে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। বাড়ি ফিরছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে মাকে জানিয়েছিলেন বাড়ি ফেরার কথা। জয়পুরহাটের বাস না পেয়ে উঠে পড়েছিলেন দিনাজপুরগামী রেখা পরিবহনের একটি বাসে। কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তাঁর। বগুড়ার শেরপুরে পাথরবাহী ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন রাকিব। হাসপাতালে নেওয়ার পর মারা যান। এরপর ময়নাতদন্তের জন্য লাশ আনা হয় মর্গে।
খবর পেয়ে গ্রাম থেকে ছুটে এসেছেন বড় ভাই আজিজুল ইসলাম। মর্গের সামনে দাঁড়িয়ে ছোট ভাইয়ের নানা স্বপ্নের কথা বলতে বলতে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। আজিজুল বলেন, বাবা ছিলেন ভূমিহীন দিনমজুর। বাবা মারা যাওয়ার পর খেয়ে না-খেয়ে দিন যাচ্ছিল। রাকিব ছিলেন সবার ছোট, খুব আদরের। গুচ্ছগ্রামে থাকতে তাঁর ভালো লাগত না। খুব স্বপ্ন ছিল নিজের একটা বাড়ি হবে। সেই বাড়িতে মাকে নিয়ে উঠবেন। একটি মেয়েকে তিনি পছন্দ করতেন। তাকে বিয়ে করার কথাও ভাবছিল। ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করতেই ধারদেনা করে দুই ভাই মিলে পাঁচ শতক জায়গা কিনেছিলেন। শিগগির বাড়ির কাজ শুরু করার কথা ছিল। এ জন্য টাকা রোজগার করতে ঢাকায় গিয়েছিলেন রাকিব।
এদিকে একই মর্গে রাখা ছিল দিনাজপুরের বিরল উপজেলার দোগাছি গ্রামের দিনমজুর আবদুল হাকিমের (৩৫) লাশ। তাঁর জ্যাঠাতো ভাই নাজমুল হক সরকারের (৪০) সঙ্গে চার দিন আগে ঢাকায় চাচাতো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। তাঁরাও রেখা পরিবহনের বাসটির যাত্রী ছিলেন। নাজমুলের মৃত্যু হয় দুর্ঘটনাস্থলেই। আর হাকিম মারা যান হাসপাতালে আনার পর।
দুপুরে মর্গের সামনে হাসান আলীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘জ্যাঠাতো দুই ভাই-ই সহজ-সরল প্রকৃতির ছিল। আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। এখন লাশ হয়ে ফিরল।’ আবদুল হাকিম স্ত্রী, ছোট ছোট দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আর নাজমুল রেখে গেছেন স্ত্রী ও এক মেয়ে। তাঁরা দুজনই ছিলেন দুই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের মৃত্যুতে পরিবারের সদস্যদেরও স্বপ্ন ভেঙে গেছে।
বিকেলে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির (সিলিমপুর ফাঁড়ি) উপপরিদর্শক শাহ আলম বলেন, লাশ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।